AC-গরমে কত তাপমাত্রায় চালালে বিদ্যুৎ বিল কম আসবে? জেনেনিন বিস্তারিত

তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়, তখন ঘরে ঢুকেই আমরা এসি ১৮ ডিগ্রিতে সেট করে দিই। ভাবি, ঘর বোধহয় দ্রুত ঠান্ডা হবে। কিন্তু জানেন কি, এটি একটি ভুল ধারণা? ১৮ ডিগ্রিতে এসি সেট করলে ঘর দ্রুত ঠান্ডা হয় না, বরং এসির কম্প্রেসর বিরতিহীনভাবে কাজ করতে থাকে, যা আপনার বিদ্যুৎ বিলকে রকেটের গতিতে বাড়িয়ে দেয়।
আদর্শ তাপমাত্রা কত?
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর মতে, এসির জন্য ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস হলো আদর্শ তাপমাত্রা।
-
কেন ২৪ ডিগ্রি? মানবদেহ সাধারণত ২৫ ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে। ২৪ ডিগ্রিতে এসি চালালে ঘর যেমন আরামদায়ক থাকে, তেমনি কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে না।
-
সঞ্চয়ের হিসাব: গবেষণায় দেখা গেছে, এসির তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ানোর জন্য প্রায় ৬% বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্থাৎ ১৮ ডিগ্রির বদলে ২৪ ডিগ্রিতে এসি চালালে আপনি প্রায় ৩৬% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন!
বিল কমাতে ৫টি জাদুকরী টিপস
১. ফ্যান ব্যবহার করুন: এসি চালানোর সময় সিলিং ফ্যানটি ধীর গতিতে চালিয়ে রাখুন। এতে ঠান্ডা হাওয়া সারা ঘরে দ্রুত ছড়িয়ে পড়বে এবং এসিকে কম কাজ করতে হবে। ২. দরজা-জানালা ও পর্দা: এসি চালানোর অন্তত ১০ মিনিট আগে ঘরের পর্দা টেনে দিন। দুপুরের কড়া রোদ ঘরে ঢুকলে এসি ঠান্ডা করতে অনেক বেশি সময় ও বিদ্যুৎ খরচ করে। ৩. ফিল্টার পরিষ্কার: অন্তত ১৫ দিন অন্তর এসির ফিল্টার পরিষ্কার করুন। ধুলো জমে থাকলে এসির হাওয়া বেরোতে বাধা পায়, ফলে মেশিনকে বেশি শক্তি খরচ করতে হয়। ৪. স্লিপ মোড (Sleep Mode): রাতে ঘুমানোর সময় এসির ‘স্লিপ মোড’ অন করে রাখুন। এটি প্রতি ঘণ্টায় নিজে থেকেই তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়িয়ে দেয়, যা আপনার ঘুমের জন্য আরামদায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ী। ৫. অপ্রয়োজনে অন-অফ নয়: ঘর থেকে ৫-১০ মিনিটের জন্য বাইরে গেলে এসি বন্ধ করবেন না। বারবার অন-অফ করলে কম্প্রেসর স্টার্ট নিতে প্রচুর বিদ্যুৎ খরচ করে।
ইনভার্টার এসি কি আসলেই ভালো?
যাঁরা দীর্ঘ সময় এসি চালান, তাঁদের জন্য ইনভার্টার এসি সেরা বিকল্প। এটি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে, যা সাধারণ এসির তুলনায় প্রায় ৩০-৫০% বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
সঠিক নিয়ম মেনে এসি চালান, বিলের দুশ্চিন্তা সরিয়ে গরমেও থাকুন ফুরফুরে।