ভোটের মুখে আলিমুদ্দিনে মহাধস! সেলিমের হাত ছেড়ে সিপিএমের প্রাথমিক সদস্যপদও ছাড়লেন প্রতীক উর

বিধানসভা ভোটের ঠিক মুখেই বড়সড় ধাক্কা খেল আলিমুদ্দিন স্ট্রিট। সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন ছাত্রনেতা প্রতীক উর রহমান দলের সমস্ত দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি পাঠিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে আর খাপ খাওয়াতে পারছেন না।
প্রতীক উর রহমান এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে পরিচিত। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল বামেরা। দলের লড়াকু এই যুব নেতার আকস্মিক বিদায়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, “সাম্প্রতিক সময়ে পার্টির ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মেলাতে পারছি না। এক গভীর মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যহতি নিচ্ছি।”
এদিকে, প্রতীকের এই ইস্তফা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। চিঠির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করলেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, “সিপিএমের অযোগ্য নেতৃত্বের কাঠিবাজিতেই এই সিদ্ধান্ত বলে খবর।” যদিও দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম নেতৃত্ব জানিয়েছে, তাঁদের কাছে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি আসেনি। ভোটের ঠিক আগে প্রতীকের মতো তরুণ ও পরিচিত মুখ দলের সঙ্গ ছাড়লে সাধারণ কর্মীদের মধ্যে তার কতটা বিরূপ প্রভাব পড়বে, এখন সেটাই দেখার।