আনন্দ মুহূর্ত নিমেষেই বিষাদ! অন্তসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর

মাতৃত্বের আনন্দ উদযাপন করতে চেয়েছিলেন হবু মা। কিন্তু একটি মুহূর্তের অসতর্কতা সেই আনন্দকে বদলে দিল চিরকালীন হাহাকারে। দ্বিতীয় সন্তানের আগমনের ঠিক আগে ফোটোশ্যুট চলাকালীন জলাশয়ে ডুবে মৃত্যু হলো ৩ বছরের এক শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃত শিশুটির নাম লক্ষ্মীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা স্বাতী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। শনিবার তাঁর দ্বিতীয় সন্তানের আগমনকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ‘ম্যাটারনিটি ফোটোশ্যুট’-এর আয়োজন করা হয়েছিল। যখন ক্যামেরার সামনে মা পোজ দিতে ব্যস্ত ছিলেন, তখন পাশেই খেলা করছিল ছোট্ট লক্ষ্মীর। কেউ কিছু বুঝে ওঠার আগেই শিশুটি আচমকা পা পিছলে পাশের একটি ছোট জলাশয়ে পড়ে যায়। ফোটোশ্যুটে উপস্থিত লোকজন ব্যস্ত থাকায় বিষয়টি তৎক্ষণাৎ কারও নজরে আসেনি। বেশ কিছুক্ষণ পর যখন টনক নড়ে, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুটির বাবা কর্মসূত্রে বিদেশে থাকতেন। একমাত্র সন্তানের এই মর্মান্তিক পরিণতির খবর পেয়ে তিনি তড়িঘড়ি বেঙ্গালুরুতে ফিরে এসেছেন। স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ফোটোশ্যুটের সময় নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একটি সাজানো আনন্দ মুহূর্ত কীভাবে এমন ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হলো, তা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।