‘দাদা’ অধীরকে জেতাতে জান লড়িয়ে দেবেন হুমায়ুন! মমতার বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার জনতা উন্নয়ন পার্টির

মুর্শিদাবাদের রাজনীতির ‘রঙ’ কি আবারও বদলে যেতে চলেছে? বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাই উসকে দিচ্ছে। বামেদের সঙ্গে জোট জল্পনায় জল ঢেলে এবার সরাসরি ‘দাদা’ অধীর চৌধুরীর সমর্থনে ব্যাট ধরলেন হুমায়ুন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অধীর চৌধুরী যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তাঁর দল।
বিগত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর হারের নেপথ্যে তৃণমূলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন হুমায়ুন। কিন্তু সময় বদলেছে। সোমবার কলকাতায় দাঁড়িয়ে তিনি স্বীকার করে নেন, “অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলাম। তাঁর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। তিনি আমার বড় ভাই বা দাদার মতো।” রাজনৈতিক মহলের ধারণা, মুর্শিদাবাদে নিজের জমি শক্ত করতেই সুকৌশলে পুরোনো ‘মেন্টর’ অধীর চৌধুরীর শরণাপন্ন হচ্ছেন তিনি।
বামেদের সঙ্গে আসন রফা না হওয়ায় ক্ষুব্ধ হুমায়ুন কবীর সিপিএমকেও আক্রমণ করেছেন। তাঁর দাবি, মহম্মদ সেলিম বা অধীর চৌধুরী লড়াই করলে তাঁদের পূর্ণ সমর্থন দেবে জনতা উন্নয়ন পার্টি। তবে একই সঙ্গে তাঁর হুঙ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবে তাঁর দল। এমনকি সদ্য কংগ্রেসত্যাগী মৌসম নূরের বিরুদ্ধেও লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী ২১ ফেব্রুয়ারি জনতা উন্নয়ন পার্টি তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ও জোটের ভবিষ্যৎ ঘোষণা করবে। ভোটের আগে হুমায়ুনের এই ‘কিংসমেকার’ হওয়ার দৌড় বাংলার রাজনীতিতে ঠিক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।