একই দিনে বাঘ ও ডলফিন দর্শন! সুন্দরবনের জঙ্গলে পর্যটকদের ‘বাম্পার ধামাকা’, রোমাঞ্চিত ১৯ জনের দল

সুন্দরবন ভ্রমণে গিয়ে একই দিনে জল ও জঙ্গলের দুই ‘মহারাজ’-এর দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সেই বিরল সৌভাগ্যেরই সাক্ষী হলেন বারুইপুর থেকে আসা ১৯ জন পর্যটকের একটি দল। শনিবার বেনিফেলি জঙ্গলের ধারে হঠাৎই দেখা মেলে পূর্ণবয়স্ক এক রয়্যাল বেঙ্গল টাইগারের। জঙ্গল থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ নদীর চরে রাজকীয় ভঙ্গিতে হেঁটে বেড়াতে দেখা যায় দক্ষিণরায়কে। পর্যটকরা নিঃশব্দে ক্যামেরাবন্দি করেন সেই মুহূর্ত।
তবে বিস্ময়ের এখানেই শেষ ছিল না। বাঘ দর্শনের রেশ কাটতে না কাটতেই মাতলা নদীতে দেখা দেয় গাঙ্গেয় ডলফিন। বারবার জলের উপরে ভেসে উঠে আবার ডুব দেওয়ার সেই দৃশ্য দেখে পর্যটকদের উচ্ছ্বাস চরমে ওঠে। স্থানীয় গাইডদের মতে, সুন্দরবনের সফরে একই দিনে বাঘ ও ডলফিনের দেখা পাওয়া অত্যন্ত দুর্লভ ঘটনা। ধৈর্য ও ভাগ্য সহায় থাকাতেই এই জোড়া দর্শন সম্ভব হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞরা। পর্যটকদের কথায়, এটি তাঁদের জীবনের অন্যতম সেরা সফর হয়ে থাকবে।