বাবার মৃতদেহ মর্গে, কান্না চেপে পরীক্ষা কেন্দ্রে নাসিমা! বর্ধমানের ছাত্রীর জীবনযুদ্ধে চোখে জল সবারবাবার মৃতদেহ মর্গে, কান্না চেপে পরীক্ষা কেন্দ্রে নাসিমা! বর্ধমানের ছাত্রীর জীবনযুদ্ধে চোখে জল সবার

বাবার হাত ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সব ওলটপালট হয়ে গেল। বাবার নিথর দেহ যখন হাসপাতালের মর্গে, তখন চোখের জল মুছে খাতায় পেন চালাল পূর্ব বর্ধমানের গলসির নাসিমা খাতুন। মাধ্যমিক পরীক্ষার মাঝপথেই বাবার আকস্মিক মৃত্যুতে নাসিমার জীবনের অঙ্কটা বদলে গেলেও, লড়াই ছাড়তে নারাজ এই অদম্য মেধাবী।
গলসির শিড়রাই আলিজান মল্লিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাসিমা খাতুনের সিট পড়েছে ইরকোণা উচ্চ বিদ্যালয়ে। গত রবিবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান নাসিমার বাবা মজনু শেখ। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, অথচ তার আগের রাতেই এই শোক সংবাদ আছড়ে পড়ে পরিবারে। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিক্যালে পাঠালে, নাসিমা স্থির করে—যতই কষ্ট হোক, বাবার স্বপ্ন পূরণ করতে সে পরীক্ষা দেবেই।
পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে ভাঙা গলায় নাসিমা বলে, “বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে পড়াশোনা করি। বাবার স্বপ্ন পূরণ করতেই আজ মন শক্ত করে পরীক্ষা দিলাম।” নাসিমার এই মানসিক জোর দেখে অবাক তার সহপাঠী ও শিক্ষকরা। বিদ্যালয়ের শিক্ষক জানান, এই কঠিন সময়ে তাঁরা সর্বক্ষণ নাসিমার পাশে আছেন এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও তাকে সবরকম সহযোগিতা করা হবে। শোকের সাগরে ডুবেও নাসিমার এই হার না মানা লড়াই আজ অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।