স্বাধীনতা দিবসে মেগা সংঘাত! সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ বনাম সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান

২০২৬ সালের স্বাধীনতা দিবস বলিউড বক্স অফিসে এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। একদিকে বলিউডের ‘তারা সিং’ সানি দেওল এবং অন্যদিকে ‘ভাইজান’ সলমন খান। আমির খান প্রোডাকশন দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘লাহোর ১৯৪৭’-এর মুক্তির তারিখ ঘোষণা করতেই উত্তেজনার পারদ চড়েছে। আগামী ১৩ আগস্ট ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসছে সানি দেওল অভিনীত এই পিরিয়ড ড্রামা। ঠিক এই সময়েই মুক্তি পাওয়ার কথা সলমন খানের দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’।

আমির-সানি-সন্তোষী: এক অজেয় ত্রয়ী ৯ ফেব্রুয়ারি রাতে আমির খান প্রোডাকশন সোশ্যাল মিডিয়ায় ছবিটির অফিসিয়াল পোস্টার ও রিলিজ ডেট শেয়ার করেছে। এই ছবির মাধ্যমে প্রথমবার আমির খান, সানি দেওল এবং পরিচালক রাজকুমার সন্তোষী একসাথে কাজ করছেন। রাজকুমার সন্তোষী এবং সানি দেওলের জুটি অতীতে ‘ঘায়েল’, ‘ঘাতক’ এবং ‘দামিনী’-র মতো ব্লকবাস্টার উপহার দিয়েছে। সানি দেওলের মতে, ‘গদর ২’-এর সাফল্যের পরেই এই ছবির কাজ গতি পায়।

ছবির শক্তিশালী কাস্টিং ও ক্রু: ‘লাহোর ১৯৪৭’ ছবিতে শুধু সানি দেওল নন, রয়েছেন একঝাঁক তারকা। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে কামব্যাক করছেন প্রীতি জিন্টা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমি, আলি ফজল, অভিমন্যু সিং এবং সানি দেওলের ছেলে করণ দেওলকে। ছবির নেপথ্যেও রয়েছেন সেরাদের সেরা শিল্পীরা। সুরের জাদুকর এ.আর. রহমান সংগীত পরিচালনা করছেন এবং গান লিখছেন জাভেদ আখতার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সন্তোষ শিবান এবং সম্পাদনায় শ্যাম সালগাঁওকর। আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই দেখ্যা’-র ওপর ভিত্তি করে তৈরি এই ছবি দেশভাগের মানবিক গল্প বলবে।

সলমনের সাথে বক্স অফিস লড়াই: অন্যদিকে, সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ মূলত ১৭ এপ্রিল ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতারা ছবির মানের সাথে কোনো আপস করতে রাজি নন, তাই শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজের জন্য তারিখ পিছিয়ে ১৪ আগস্ট ২০২৬ করা হয়েছে বলে খবর। যদিও সলমনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে একই সপ্তাহে দুই মেগাস্টারের দেশাত্মবোধক ছবির মুক্তি বলিউড বক্স অফিসে বড়সড় কম্পন সৃষ্টি করবে।