মদ কম কেন আনলে? বচসার জেরে বন্ধুকে পিটিয়ে খুন! নাগপুরে মদের আসরে রক্তারক্তি কাণ্ড

মদের আসরে সামান্য বচসা থেকে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের বৈশালী নগরের তাজ নগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রমেশ ওরফে বৈদ্য মুকুন্দরাও মাসরাম (৪০)। পর্যাপ্ত পরিমাণে মদ কিনে না আনার অভিযোগে রমেশকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁরই বন্ধুদের বিরুদ্ধে। এই ঘটনায় মূল অভিযুক্ত শঙ্কর শ্রীপাদ ভাইসারে-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে শঙ্কর ও তাঁর সঙ্গীরা মিলে একটি মদের আসর বসিয়েছিলেন। রমেশকে মদ কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল। অভিযোগ, রমেশ সেই টাকা নিয়ে পরিমাণে কম মদ কিনে আনেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই বন্ধুদের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। বচসা চরম পর্যায়ে পৌঁছালে শঙ্কর ও তাঁর দুই সঙ্গী মিলে রমেশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে বেধড়ক মারধর শুরু করে।

মারাত্মক জখম হয়ে রমেশ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে পাঁচপাওলি থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। ঘটনার নেপথ্যে অন্য কোনো পুরনো শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।