মাঝ আকাশেই বন্ধ ইঞ্জিন! আমেরিকার ব্যস্ত রাস্তায় প্লেনের হাড়হিম করা ক্র্যাশ ল্যান্ডিং, ভাইরাল ভিডিও

আমেরিকার জর্জিয়া প্রদেশে সোমবার এক অলৌকিক রক্ষা পাওয়ার ঘটনা ঘটল। মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক বিভ্রাটের জেরে একটি ছোট বিমান অত্যন্ত ব্যস্ত রাস্তার মাঝখানে জরুরি অবতরণ বা ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। অবতরণের সময় বিমানটি রাস্তার থাকা একাধিক গাড়ির ওপর আছড়ে পড়ে এবং সেগুলোতে সজোরে ধাক্কা মারে। হাড়হিম করা এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কীভাবে ঘটল এই ঘটনা? পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি জর্জিয়ার গিন্সভিলের ‘লি গিলমার মেমোরিয়াল এয়ারপোর্ট’ থেকে ক্যান্টনের ‘চেরোকি কাউন্টি আঞ্চলিক বিমানবন্দর’-এর দিকে যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট ইঞ্জিনে গুরুতর যান্ত্রিক সমস্যা অনুভব করেন। তিনি বিমানটিকে ঘুরিয়ে পুনরায় গিন্সভিলে ফেরার চেষ্টা করেন, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিমানের পাওয়ার সম্পূর্ণ শেষ হয়ে যায়। কোনো বিকল্প না পেয়ে পাইলট ব্যস্ত হাইওয়েকেই রানওয়ে হিসেবে বেছে নেন।
গাড়ির ভেতরে ঢুকে গেল বিমানের ফুয়েল ট্যাঙ্ক: অবতরণের সময় বিমানের ডানদিকের ডানা একটি চলন্ত গাড়িতে ধাক্কা মারে। এতে বিমানের ফুয়েল ট্যাঙ্কটি আলগা হয়ে ছিটকে গিয়ে পাশের একটি এসইউভি (SUV) গাড়ির পেছনের অংশ ভেদ করে ভেতরে ঢুকে যায়। ভাগ্যক্রমে এই ভয়ংকর সংঘর্ষের পরও কোনো প্রাণহানি ঘটেনি। কয়েকজন সামান্য আহত হলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঘটনার পর দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ রেখে তদন্ত চালায় পুলিশ।