মহারাষ্ট্রে মোদী-ঝড়! পঞ্চায়েত নির্বাচনে ধুলিস্যাৎ উদ্ধব-শরদ শিবির, গ্রামীণ বঙ্গেও গেরুয়া দাপট!

মহারাষ্ট্রের গ্রামীণ রাজনীতিতে কার্যত সুনামি বইয়ে দিল বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাজুটি’ (Mahayuti)। সোমবার প্রকাশিত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বিরোধী জোট ‘মহা বিকাশ অঘাড়ী’কে (MVA) ধুলিস্যাৎ করে রাজ্যের বেশিরভাগ গ্রামীণ স্থানীয় সংস্থাই এখন মহাজুটির দখলে। এই বিপুল জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রবাসীর ‘আশীর্বাদ’ হিসেবে বর্ণনা করেছেন।
মহারাষ্ট্র নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৭৩১টি জেলা পরিষদের আসনের মধ্যে ৫৫২টি আসনেই জয়ী হয়েছে মহাজুটি। এর মধ্যে বিজেপি এককভাবে ২২৫টি আসন দখল করে নিজের শক্তি প্রদর্শন করেছে। অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ১৬৫টি এবং একনাথ শিন্ডের শিবসেনা ১৬২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, বিরোধী জোটের ফল অত্যন্ত হতাশাজনক। কংগ্রেস মাত্র ৫৫টি, উদ্ধব ঠাকরের শিবসেনা ৪৩টি এবং শরদ পওয়ারের এনসিপি ২৬টি আসনে থিতু হয়েছে। এমনকি রাজ ঠাকরের এমএনএস-ও লাতুর ও রত্নগিরিতে একটি করে আসন পেয়েছে।
একই ছবি ধরা পড়েছে পঞ্চায়েত সমিতির ফলাফলেও। মোট ১,৪৬২টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৫৯টিতে। শিন্ডে ও অজিত পওয়ারের দল যথাক্রমে ৩০২ এবং ৩০৬টি আসন পেয়েছে। বিপরীতে কংগ্রেস, উদ্ধব ও শরদ পওয়ারের ঝুলি কার্যত শূন্য বললেই চলে। প্রধানমন্ত্রী মোদী এই জয়ের পর এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “মহারাষ্ট্র আবার বিজেপি এবং মহাজুটিকে আশীর্বাদ করেছে। পুরসভা নির্বাচনের জয়ের ধারা জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতেও বজায় থাকল।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে এই ফলাফল উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের অস্তিত্বের লড়াইকে আরও কঠিন করে তুলল।