হোলির আগেই পোয়াবারো! ফের বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ, এক ধাক্কায় কত শতাংশ?

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে খুশির আমেজ কাটতে না কাটতেই এবার বড়সড় সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরাও। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ মার্চ হোলির উৎসবের ঠিক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে মোদী সরকার। শ্রম ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এবার মহার্ঘ ভাতা অন্তত ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ডিসেম্বরের AICPI-IW (All India Consumer Price Index for Industrial Workers) সূচক অনুযায়ী, ডিএ-র হার ৫৯.৯৩ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। যেহেতু ডিএ সাধারণত ভগ্নাংশে বৃদ্ধি করা হয় না, তাই কেন্দ্রীয় সরকার এটি রাউন্ড ফিগার করে ২ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার পথে হাঁটতে পারে। এই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে সূত্রের খবর। তবে গত কয়েক বছরের তুলনায় এই ২ শতাংশ বৃদ্ধি তুলনামূলক কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতি বছর মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে জানুয়ারি এবং জুলাই— এই দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করে কেন্দ্র। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা হতে মার্চ বা এপ্রিল পর্যন্ত সময় লেগে যায়। এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা সরাসরি উপকৃত হতে চলেছেন। বাংলার সরকারি কর্মীরা ইতিমধ্যেই পঞ্চম ও ষষ্ঠ পে কমিশনের সুবিধায় চনমনে মেজাজে রয়েছেন, তার ওপর কেন্দ্রের এই পদক্ষেপ জাতীয় স্তরেও সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে চলেছে।