ট্রেনে প্যান্ট্রি কারের দাদাগিরি শেষ! সিটে বসেই পাবেন পছন্দের খাবার, IRCTC-র নতুন ‘ই-প্যান্ট্রি’ জাদুতে খুশি যাত্রীরা

ট্রেন সফরে ট্রেনের প্যান্ট্রি কারের কর্মীদের সঙ্গে খাবারের গুণমান বা দাম নিয়ে বচসা এখন নিত্যদিনের ঘটনা। যাত্রীদের এই হয়রানি দূর করতে এবং খাবারের পরিষেবাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) নিয়ে এল এক দুর্দান্ত ডিজিটাল সমাধান— ‘ই-প্যান্ট্রি’। মূলত যে সমস্ত মেল বা এক্সপ্রেস ট্রেনে টিকিটের ভাড়ার সঙ্গে খাবারের দাম যুক্ত থাকে না, সেই সব ট্রেনের যাত্রীদের জন্যই এই বিশেষ পরিষেবা।
‘ই-প্যান্ট্রি’ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা এখন টিকিট বুক করার সময় বা ভ্রমণের আগে থেকেই অনলাইনে তাঁদের খাবার ও ‘রেল নীর’ বুক করে রাখতে পারবেন। IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট (www.irctc.co.in) থেকে এই বুকিং করা যাবে। খাবার বুক করার পর যাত্রীর মোবাইল বা ইমেলে একটি ‘মিল ভেরিফিকেশন কোড’ (MVC) পাঠানো হবে। ভ্রমণের দিন প্যান্ট্রি কারের কর্মী আপনার সিটে খাবার নিয়ে এলে তাঁকে এই কোডটি দিলেই নিশ্চিত হওয়া যাবে যে খাবারটি সঠিক যাত্রীর কাছে পৌঁছেছে।
এই ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হলো স্বচ্ছতা। অনলাইনে পেমেন্ট করার সুবিধা থাকায় নগদের ঝামেলা থাকবে না এবং খাবারের দাম নিয়ে কোনো লুকোছাপা থাকবে না। যদি কোনো কারণে বুকিং অনুযায়ী খাবার সরবরাহ করা না হয়, তবে যাত্রী সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার অধিকারী হবেন। প্রাথমিকভাবে ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন ‘বিবেক এক্সপ্রেস’-এ এটি পরীক্ষামূলকভাবে চালু হলেও, বর্তমানে দেশের ২৫টি গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেনে এই ‘ই-প্যান্ট্রি’ পরিষেবা চালু করা হয়েছে।