নিশিকান্ত ছাড় পেলে রাহুল কেন নয়? ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে ওম বিড়লাকে সরাতে ৫০ সাংসদের সই!

সংসদের অন্দরে এবার নজিরবিহীন সংঘাত। লোকসভার স্পিকার ওম বিড়লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। সোমবার সকালে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই রণকৌশল স্থির করা হয়েছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে বাধা দেওয়া এবং স্পিকারের ‘পক্ষপাতমূলক’ আচরণের প্রতিবাদেই এই রণংদেহি মেজাজ বিরোধীদের।

কংগ্রেসের মূল অভিযোগ, লোকসভায় রাহুল গান্ধী যখন প্রাক্তন সেনাপ্রধানের একটি অপ্রকাশিত বইয়ের সূত্র ধরে বক্তব্য রাখতে চেয়েছিলেন, তখন তাঁকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। বিরোধীদের প্রশ্ন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যখন বারবার বিভিন্ন বই উদ্ধৃত করে নেহেরু-গান্ধী পরিবারকে আক্রমণ করেন, তখন স্পিকার তাঁকে বাধা দেন না কেন? এই দ্বিচারিতার বিরুদ্ধেই এবার এককাট্টা হয়েছে তৃণমূল, সমাজবাদী পার্টিসহ জোটের বাকি শরিকরা।

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে অন্তত ৫০ জন সাংসদের সমর্থনের প্রয়োজন হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক সাংসদের স্বাক্ষর সংবলিত প্রস্তাবনা তৈরি হয়ে গিয়েছে। তবে এই রাজনৈতিক সমীকরণে নজর থাকছে তৃণমূল কংগ্রেসের দিকেও। একদিকে কংগ্রেস যেমন স্পিকারের বিরুদ্ধে সরব, অন্যদিকে তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা করছে। এই ‘গিভ অ্যান্ড টেক’ নীতিতে দুই দল একে অপরের প্রস্তাবে সায় দেয় কি না, তা-ই এখন দেখার।