বাইক কিনছেন সাধারণ মানুষ! জানুয়ারিতে ৫ লক্ষ পার করল এই সংস্থাগুলি, কোন বাইকের চাহিদা সবথেকে বেশি?

ভারতীয় অটোমোবাইল শিল্পের জন্য ২০২৬ সালের শুরুটা হলো স্বপ্নের মতো। নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতেই দেশের টু-হুইলার বাজারে দেখা গেল এক অভূতপূর্ব বৃদ্ধির জোয়ার। গ্রাম থেকে শহর— সর্বত্রই বাইক ও স্কুটারের আকাশছোঁয়া চাহিদা সংস্থাগুলোর মুখে হাসি ফুটিয়েছে।

তালিকায় শীর্ষে হিরো ও হন্ডার হাড্ডাহাড্ডি লড়াই: দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প জানুয়ারি মাসে তাদের আধিপত্য বজায় রেখেছে। সংস্থাটি মোট ৫.৫৮ লক্ষ ইউনিট বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৬% বেশি। এর মধ্যে ৫.২০ লক্ষ ইউনিটই বিক্রি হয়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে। তবে হিরোকে করা টক্কর দিয়েছে হন্ডা মোটরসাইকেল ইন্ডিয়া। হন্ডা মোট ৫.৭৪ লক্ষ ইউনিট বিক্রি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ২৯% বার্ষিক বৃদ্ধির সাথে তারা ৫.২০ লক্ষ ইউনিট স্থানীয় বাজারে এবং ৫৪,৮৩২ ইউনিট বিদেশে রপ্তানি করেছে।

টিভিএস ও রয়্যাল এনফিল্ডের জয়যাত্রা: টিভিএস মোটর কোম্পানিও বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে। জানুয়ারিতে তাদের বিক্রি ৩.৮৪ লক্ষ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২৯% বেশি। স্কুটার ও মোটরসাইকেল উভয় বিভাগেই টিভিএস দারুণ সাড়া পেয়েছে। অন্যদিকে, প্রিমিয়াম সেগমেন্টে রয়্যাল এনফিল্ড তার রাজার মতো অবস্থান ধরে রেখেছে। গত বছরের তুলনায় ১৬% বৃদ্ধি পেয়ে তারা জানুয়ারিতে ১.০৪ লক্ষ বাইক বিক্রি করেছে। পিছিয়ে নেই সুজুকিও, ২৬% প্রবৃদ্ধির সাথে তারা ১.২২ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক ছুঁয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন এবং শহরে যাতায়াতের জন্য ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা বৃদ্ধি পাওয়াই এই সাফল্যের মূল চাবিকাঠি।