টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মহারণ নিয়ে নাটক! ভারতের বিপক্ষে খেলতে নারাজ পাকিস্তান, কী বললেন গৌতম গম্ভীর?

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগেই বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নজিরবিহীন ডামাডোল। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। যদিও আইসিসি-র কাছে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি পিসিবি, কিন্তু এই ডামাডোলের মাঝেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের একটি ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। মুম্বই যাওয়ার পথে বিমানবন্দরে গম্ভীরকে যখন পাকিস্তানের এই ‘বয়কট ড্রামা’ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তাঁর প্রতিক্রিয়ায় কার্যত তোলপাড় ক্রিকেট মহল।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সংবাদমাধ্যমের কর্মীরা পাকিস্তানের অস্বীকৃতি নিয়ে প্রশ্ন করলে গম্ভীর প্রথমে কৌশলে তা এড়িয়ে যান। তিনি কেবল ভারতীয় দলের জন্য শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানান। এক পর্যায়ে মনে হয়েছিল তিনি বিস্ফোরক কিছু বলবেন, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে কোনো মন্তব্য না করেই সরে যান। গম্ভীরের এই মৌনতা ও রহস্যময় হাসি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তান সরকার তাদের দলকে টুর্নামেন্টে খেলার অনুমতি দিলেও কেবল ভারতের বিপক্ষে মাঠে নামতে বারণ করেছে—এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আইসিসি ও ক্রিকেট বিশ্বের বড় অংশ। ভারত-পাক ম্যাচ না হলে আইসিসি-র রাজস্ব যে তলানিতে ঠেকবে, তা বলাই বাহুল্য।

ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে (গ্রুপ-এ) রাখা হয়েছে, যেখানে অন্য দলগুলো হলো নামিবিয়া, নেদারল্যান্ডস এবং আমেরিকা। সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের এই অনড় মনোভাব টুর্নামেন্টের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। অন্যদিকে, এই সব বিতর্ক থেকে দূরে থেকে ট্রফি জয়ের হ্যাটট্রিক ও ঘরের মাঠে ইতিহাস গড়ার লক্ষ্যে মগ্ন টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে নীল বাহিনী।