৩৪ বছরের রেকর্ড ব্রেক! সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে ফিরছেন মমতা, কাঁপছে আদালত চত্বর

দেশের বিচারবিভাগীয় ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় শুরু হতে চলেছে আজ। ভারতের আইনি ও রাজনৈতিক মানচিত্রে প্রথমবার দেখা যাবে এমন দৃশ্য, যেখানে একজন আসীন মুখ্যমন্ত্রী খোদ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সওয়াল করছেন। বুধবার এসআইআর (SIR) মামলার শুনানিতে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দান থেকে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে—মুখ্যমন্ত্রীর এই ‘অবতার’ বদল ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স শেয়ার করে এই জল্পনায় সিলমোহর দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আইনজীবী হিসেবে কালো গাউন পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে উঠছেন মমতা। এই ছবি ঘিরে রাজনৈতিক মহলে এখন তুঙ্গে চর্চা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর অভিজ্ঞতা এটাই প্রথম নয়। এর আগে বিরোধী নেত্রী থাকাকালীন তিনি কলকাতা ও বালুরঘাটের আদালতে একাধিকবার আইনি লড়াইয়ে জিতেছেন।
স্মৃতির পাতায় ফিরলে দেখা যায়, ১৯৮৪ সালে কুমারগঞ্জে এক স্কুল শিক্ষকের খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলায় আন্দোলনরত যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হয়। সেই কঠিন পরিস্থিতিতে আইনজীবী হিসেবে প্রথমবার মাঠে নামেন মমতা। সহকর্মী শঙ্কর চক্রবর্তীর কাছে একটি কালো গাউন চেয়ে নিয়ে তিনি যেভাবে সওয়াল করেছিলেন, তাতে আদালত গ্রেপ্তার হওয়া কর্মীদের জামিন দিতে বাধ্য হয়েছিল। ১৯৯৬ সালেও ব্যাঙ্কশাল কোর্টে পুলিশের মিথ্যা মামলার বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ সওয়াল আজও অনেকের মনে গেঁথে আছে।
যোগীশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইনের ডিগ্রিধারী মমতা এবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে কোন কৌশল অবলম্বন করেন, সেটাই দেখার। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্টে ‘People’s Advocate Vs Devil’s Advocate’ স্লোগানটি ব্যবহার করে এই আইনি লড়াইকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের মামলার পক্ষে নিজেই সওয়াল করে মমতা একদিকে যেমন আইনি লড়াই লড়বেন, অন্যদিকে জনগণের কাছে এক শক্তিশালী বার্তাও পৌঁছে দেবেন।