মৃত্যুদূত হয়ে দুলছিল ট্রাক! রাজস্থানের হাইওয়েতে হাড়হিম করা দুর্ঘটনা, ভিডিওতে ধরা পড়ল রোমহর্ষক দৃশ্য

রাজস্থানের পালি জেলার ৬২ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। যবের বস্তা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় বিপজ্জনকভাবে দুলতে দুলতে আচমকাই উল্টে যায়। পুরো ঘটনাটি ট্রাকের পিছনে থাকা একটি গাড়ির যাত্রীরা মোবাইল ফোনে রেকর্ড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকটি দীর্ঘক্ষণ ধরে রাস্তার উভয় লেন জুড়ে টালমাটাল অবস্থায় চলছিল এবং শেষে ডিঙ্গাই গ্রামের কাছে মহাসড়কের ওপর দুমড়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে পালির বাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন অথবা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। ট্রাকটি উল্টে যাওয়ার পর যবের বস্তাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ায় প্রায় ২৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে ক্রেন এনে ট্রাকটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে গুন্ডোজ পুলিশ ফাঁড়ির আধিকারিকরা।

তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন যে ভিডিওটি যে গাড়ি থেকে তোলা হয়েছে, তার ড্যাশবোর্ডে পুলিশের টুপি রাখা ছিল। অভিযোগ উঠেছে, ভিডিও করার বদলে যদি পুলিশ কর্মীরা হর্ন বাজিয়ে চালককে সতর্ক করতেন, তবে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। যদিও অন্য এক দলের মতে, ওই অবস্থায় হর্ন দিলে চালক চমকে গিয়ে আরও বড় বিপদ ঘটাতে পারতেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।