বাংলাদেশে ফের নারকীয়তা! পুলিশের সামনেই হিন্দু যুবক দীপুকে পিটিয়ে পুড়িয়ে খুন, উত্তাল দিল্লি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ধারা অব্যাহত। এবার ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবক, দীপু দাসকে কুপিয়ে ও পিটিয়ে খুনের পর প্রকাশ্যে পুড়িয়ে দেওয়ার নারকীয় ঘটনায় স্তম্ভিত বিশ্ব। অভিযোগ, এই পুরো পৈশাচিক কাণ্ডটি ঘটেছে স্থানীয় ভালুকা থানার পুলিশের সামনেই, কিন্তু তারা ছিল নির্বিকার। নিহত দীপু স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এই বর্বরোচিত হামলার মূল পরিকল্পনাকারী ইয়াসিন আরাফাত। সেই উন্মত্ত জনতাকে উস্কানি দিয়েছিল দীপুকে লক্ষ্য করে আক্রমণ করতে। বৃহস্পতিবার রাতে হাসিনা-বিরোধী বিক্ষোভের মাঝে পড়ে যান দীপু। অভিযোগ, তিনি নাকি ‘উস্কানিমূলক’ কথা বলেছিলেন—এই অজুহাতে তাঁকে পিটিয়ে খুন করার পর মৃতদেহ সবার চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয়। দেড় বছরের সন্তান ও পরিবারকে নিয়ে দীপুর স্ত্রী এখন শোকে পাথর।

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান একদল যুবক। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর পদক্ষেপ করতে হবে।