বিহারে চমৎকার! ভিখারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে টাকা, অভাব দূর করতে নজিরবিহীন পদক্ষেপ

ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ গড়তে এক অনন্য নজির সৃষ্টি করল বিহার সরকার। ‘মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি নিবারণ প্রকল্প’-এর মাধ্যমে ভবঘুরে ও ভিক্ষুকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র ভিক্ষুকদের উদ্ধার করাই নয়, বরং তাঁদের স্বাবলম্বী করতে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে।
যাঁরা ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের ছোট ব্যবসা শুরু করার জন্য এককালীন ১০,০০০ টাকা দিচ্ছে সরকার। পূর্ণিয়ার ‘সেবা কুটির’-এর মতো পুনর্বাসন কেন্দ্রগুলোতে এখন এক নতুন চিত্র দেখা যাচ্ছে। একসময়ে হাত পেতে সাহায্য চাওয়া মানুষগুলো আজ কেউ চায়ের দোকান, কেউ ডিমের দোকান আবার কেউ সবজি বিক্রি করে সসম্মানে জীবনযাপন করছেন। সেখানে তাঁদের বিনামূল্যে খাদ্য, বস্ত্র ও চিকিৎসার পাশাপাশি দেওয়া হচ্ছে সঠিক পরামর্শ। বর্তমানে বিহারের ১০টি জেলায় এই প্রকল্প সফলভাবে চলছে। সরকারি এই সদিচ্ছায় এখন ভিক্ষার বদলে সম্মানের রুজি খুঁজছেন বিহারের প্রান্তিক মানুষরা।