পার্ক স্ট্রিটের বিলাসবহুল হোটেলে চলছে ডেটিং নয়, এ কী ককাণ্ড! হাতেনাতে পাকড়াও জামতারা গ্যাংয়ের ১১ প্রতারক

পার্ক স্ট্রিটের একটি হোটেল ভাড়া নিয়ে রমরমিয়ে চলা এক বিশাল আর্থিক প্রতারণার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। সরকারি প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতদের একটি বড় অংশ ঝাড়খণ্ড ও বিহারের কুখ্যাত ‘জামতারা গ্যাং’-এর সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা পার্ক স্ট্রিটের একটি হোটেলকে ঘাঁটি বানিয়ে এই প্রতারণার কারবার চালাচ্ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বিভিন্ন সরকারি বিমা যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হতো। এরপর বিভিন্ন কৌশলে তাদের ব্যক্তিগত ও ব্যাংকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দেওয়া হতো।
এই ঘটনায় মোট ১১ জনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে আটজন—কুন্দন কুমার দাস, টিঙ্কু দাস, আশিস দাস, অজিত কুমার দাস, সৌরভ কুমার, দীপু কুমার দাস, বাদল দাস এবং অজয় কুমার দাস—বিহারের জামুই জেলার বাসিন্দা। এছাড়া ঝাড়খণ্ডের বাসিন্দা রাজেশ দাস, অপর এক রাজেশ দাস এবং ছোটু কুমার দাস নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঠিক কত জনের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে এবং মোট কত টাকা আত্মসাৎ করা হয়েছে, তার হিসাব মেলাতে শুরু হয়েছে জেরা। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর এবং তথ্য সংগ্রহের সুনির্দিষ্ট পদ্ধতিগুলিও খতিয়ে দেখছে পুলিশ।