সকালে উঠে মাংস-ভাত খাইয়ে স্কুল পাঠাতেন বাবা! সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ছোটবেলার স্মৃতি শুনলে আবেগপ্রবণ হবেন আপনিও

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এবং সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সারিতেই নাম থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাঙালির কাছে তিনি শুধু একজন সফল ক্রীড়াবিদ নন, বরং আবেগের এক অন্য জায়গা। আজীবন বাংলার ঘরের ছেলে হয়ে থাকা এই মানুষটির সাফল্যের নেপথ্যে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম এবং পরিবারের সুদৃঢ় সমর্থন।

সৌরভের এই সাফল্যের পেছনে তাঁর বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। মাত্র চৌদ্দ বছর বয়সে সৌরভকে পেশাদার ক্রিকেটের প্রশিক্ষণে ভর্তি করেছিলেন তাঁর বাবা। শুধু তাই নয়, ছেলের ক্রিকেট প্রতিভাকে আরও শাণিত করতে এবং উন্নত প্রশিক্ষণ দিতে তাঁকে কোচ দেবু মিত্রের অধীনে ইংল্যান্ডেও পাঠিয়েছিলেন তিনি। বেহালার বাড়িতে দুই ছেলের অনুশীলনের সুবিধার জন্য তৈরি করেছিলেন ইনডোর মাল্টি-জিম ও ক্রিকেট পিচ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র বিভিন্ন পদের সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই ক্রিকেটের অনুকূল পরিবেশে বড় হয়ে উঠেছিলেন মহারাজ।

সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে নিজের শৈশবের একটি মিষ্টি স্মৃতি শেয়ার করেছেন সৌরভ। তিনি জানান, কীভাবে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে নিজের হাতে তাঁকে খাইয়ে দিতেন তাঁর বাবা। সৌরভের কথায়, সকাল আটটায় যখন তিনি স্কুলে রওনা হতেন, তখন বাবা চণ্ডীদাসবাবু নিজের হাতে লেবু ও মাংস দিয়ে ভাত মেখে তাঁকে খাইয়ে দিতেন। সারাদিন যাতে ছেলের পেট ভরা থাকে, সেই কারণেই এই বিশেষ নজরদারি ছিল।

সৌরভ আরও জানান, তাঁদের পারিবারিক রীতি অনুযায়ী সেই সময় প্রতিদিন সকালে তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায় এবং পাঁচ কাকিমা ব্যস্ত থাকতেন ঠাকুরঘরে পুজো পাঠে। তাই সকালের দিকে ছেলেকে যত্ন করে খাইয়ে স্কুলে পাঠানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাবা নিজে।

এদিকে মহারাজের এই নস্ট্যালজিক স্মৃতিচারণ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ অতীতের সেই সোনালী দিনগুলোর কথা স্মরণ করে নস্ট্যালজিক হয়েছেন, আবার কেউ কেউ তা নিয়ে মজার মন্তব্যও করেছেন। তবে সমস্ত বিতর্ক উড়িয়ে অনুরাগীরা মনে করিয়ে দিয়েছেন যে, এর আগেও জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে একই স্মৃতির কথা বলেছিলেন মহারাজ।

অন্যদিকে কাজের ফ্রন্ট থেকেও ভক্তদের জন্য রয়েছে বড় খবর। খুব শীঘ্রই একেবারে নতুন অবতারে টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জনপ্রিয় চ্যানেল স্টার জলসায় শুরু হতে চলা বহুচর্চিত বাংলা ‘বিগ বস’ রিয়েলিটি শো-এর সঞ্চালনার দায়িত্ব দেখা যাবে তাঁর কাঁধেই।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *