খুশি-বেদাঙ্গের পর এবার তারা-বীর! বলিউডে জোড়া বিচ্ছেদ, নেপথ্যে কি সেই বিতর্কিত কনসার্ট?

বলিউডে যেন বিচ্ছেদের মরসুম শুরু হয়েছে। খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার ব্রেক-আপের রেশ কাটতে না কাটতেই এবার খবরের শিরোনামে তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া। শোনা যাচ্ছে, জাহ্নবী কাপুরের ‘হবু দেওর’ বীর পাহাড়িয়া এবং তারা সুতারিয়ার দীর্ঘদিনের সম্পর্কে ইতি ঘটেছে। আর এই ভাঙনের নেপথ্যে উঠে আসছে পপ গায়ক এপি ধিলোঁর মুম্বই কনসার্টের একটি বিতর্কিত ঘটনা।

কিছুদিন আগে মুম্বইয়ে এপি ধিলোঁর একটি কনসার্টে উপস্থিত ছিলেন তারা এবং বীর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফর্ম করার সময় আচমকাই তারাকে জাপটে ধরে চুমু খান ধিলোঁ। সেই সময় দর্শকাসনে থাকা বীর পাহাড়িয়াকে বেশ হতভম্ব এবং অস্বস্তিতে দেখা যায়। নেটিজেনদের দাবি, প্রকাশ্যে প্রেমিকার এমন ঘনিষ্ঠ মুহূর্ত একেবারেই মেনে নিতে পারেননি বীর। যদিও তাঁদের বন্ধু ওরি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে চিড় আটকানো সম্ভব হয়নি।

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বীরের হাত ধরেছিলেন তারা। এমনকি সুতারিয়া পরিবারের ক্রিসমাস পার্টিতেও বীরের উপস্থিতি ছিল নজরকাড়া। কিন্তু কনসার্ট-কাণ্ডের পর থেকেই দু’জনের দূরত্ব বাড়তে শুরু করেছে বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। যদিও দুই তারকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিচ্ছেদের এই গুঞ্জনে এখন সরগরম গ্ল্যামার দুনিয়া।