পতনের পরেই দাপুটে কামব্যাক! ৫,৪০০ কোটির অর্ডারে রকেটের গতিতে ছুটছে BHEL-এর শেয়ার!

সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)-এর শেয়ার বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত ৮ জানুয়ারি বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে শেয়ারের দামে ধস নামলেও, আজ ৯ জানুয়ারি (শুক্রবার) বিপিএল-এর শেয়ারে দেখা গিয়েছে এক দর্শনীয় প্রত্যাবর্তন। ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে শেয়ারটি ফের চাঙ্গা হয়ে উঠেছে। এই উত্থানের পেছনে রয়েছে কোল ইন্ডিয়া থেকে পাওয়া একটি বিশাল অংকের অর্ডার।

৫,৪০০ কোটি টাকার মেগা অর্ডার বিপিএল একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, তারা ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (BCGCL)-এর কাছ থেকে ৫,৪০০ কোটি টাকার একটি বিশাল বরাত পেয়েছে। ওড়িশায় একটি কয়লা গ্যাসিফিকেশন এবং সিন্থেসিস গ্যাস ক্লিনিং প্ল্যান্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে। এটি মূলত কোল ইন্ডিয়ার একটি যৌথ উদ্যোগ সংস্থা। ৪২ মাসের মধ্যে এই প্রকল্পের প্রাথমিক কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেন হঠাৎ এই উত্থান ও গতকালের ধস? গতকাল অর্থাৎ ৮ জানুয়ারি, চীনা কোম্পানিগুলির ওপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জল্পনায় দেশীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় BHEL-এর শেয়ার ১০ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল। শেয়ারটি ২৭১.৭৫ টাকার লোয়ার সার্কিটে বন্ধ হয়। কিন্তু আজ কোল ইন্ডিয়ার এই মেগা অর্ডারের খবর আসতেই বিনিয়োগকারীরা নতুন করে ভরসা ফিরে পেয়েছেন। আজ সকাল ১০:৩৫ পর্যন্ত শেয়ারটি ৪ শতাংশ বেড়ে ২৮৫.৫০ টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে। প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে BHEL-এর এই শক্তিশালী অবস্থান বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে আশাবাদী করে তুলছে।