কেরলে বিজেপির ঐতিহাসিক উত্থান! চার দশকের বাম দুর্গ ভেঙে তিরুবনন্তপুরমের মেয়র ভিভি রাজেশ!

কেরলের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শুক্রবার। প্রায় চার দশক ধরে বামফ্রন্টের (LDF) দখলে থাকা তিরুবনন্তপুরম পুরনিগমে প্রথমবার মেয়র হিসেবে শপথ নিলেন কোনো বিজেপি নেতা। বিপুল ভোটে জয়ী হয়ে রাজধানী শহরের নতুন মেয়র নির্বাচিত হলেন ভিভি রাজেশ। কেরলের কোনো পুরনিগমে বিজেপির মেয়র হওয়ার ঘটনা এই প্রথম, যা আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এক বড়সড় রাজনৈতিক ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মেয়র নির্বাচনের ভোটাভুটিতে ভিভি রাজেশ ৫১টি ভোট পান, যেখানে এলডিএফ-এর প্রার্থী পান মাত্র ২৯টি ভোট। এক নির্দল কাউন্সিলরও বিজেপিকেই সমর্থন জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী এবং রাজ্য বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর উপস্থিত ছিলেন। মেয়র হওয়ার পর রাজেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য তিরুবনন্তপুরমকে দেশের প্রথম তিনটি উন্নত শহরের তালিকায় নিয়ে আসা। ১০১টি ওয়ার্ডের সবকটিকেই তিনি সমান চোখে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, রেকর্ড গড়েছে পালা পুরসভাও। মাত্র ২১ বছর বয়সি তরুণী দিয়া বিনু পুলিক্কানকানদাম কেরলের সর্বকনিষ্ঠ পুর-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। ইউডিএফ-এর সমর্থনে নির্দল প্রার্থী দিয়ার এই জয় কেরলের স্থানীয় রাজনীতিতে এক নতুন চমক। এছাড়াও এদিন কোচি, ত্রিশূর এবং কোল্লামে ইউডিএফ-এর প্রার্থীরা মেয়র পদে জয়ী হয়েছেন। কোঝিকোড়ে এলডিএফ নিজেদের আধিপত্য বজায় রাখলেও, সামগ্রিকভাবে কেরলের পুর-নির্বাচনের ফল রাজ্য রাজনীতির দীর্ঘদিনের সমীকরণ বদলে দিয়েছে।