অফিস ফেরতা ভিড়ে মেট্রোয় চরম বিভ্রাট! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, ব্যাহত ব্লু-লাইন পরিষেবা!

শুক্রবার অফিস ছুটির ব্যস্ত সময়ে ফের বড়সড় বিভ্রাটের মুখে পড়ল কলকাতা মেট্রোর ব্লু-লাইন পরিষেবা। বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে চলন্ত মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার নিত্যযাত্রী।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ডাউন লাইনের ট্রেনটি যখন নেতাজি ভবন স্টেশনে প্রবেশ করছিল, ঠিক তখনই ওই ব্যক্তি আচমকা লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গেই ট্রেনের চালক আপদকালীন ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করেন মেট্রো কর্মীরা। আশার কথা এই যে, ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত জীবিত এবং নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই ঘটনার জেরে মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (শহিদ ক্ষুদিরাম) পর্যন্ত ট্রেন চলাচল সচল থাকলেও, ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। স্টেশনে স্টেশনে ভিড় উপচে পড়ছে এবং হঠাৎ এই বিভ্রাটে সাধারণ মানুষকে বিকল্প যানের সন্ধানে বাস ও ট্যাক্সির ওপর নির্ভর করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।