তবলার জাদুতে বাজিমাত! প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বাল পুরস্কার’ ছিনিয়ে নিল রানাঘাটের সুমন

মাত্র ১৬ বছর বয়সেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আঙিনায় নিজের নাম উজ্জ্বল করল কিশোর তবলা বাদক সুমন সরকার। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অসাধারণ অবদানের পাশাপাশি প্রখর সামাজিক দায়বদ্ধতার জন্য সুমনকে এ বছর ‘প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার’-এ (Bal Purashkar) ভূষিত করা হয়েছে। সুমনের এই জয়যাত্রা কেবল সুরের সাধনায় নয়, বরং সঙ্গীতকে সমাজসেবার হাতিয়ার হিসেবে ব্যবহারের এক বিরল দৃষ্টান্ত।

বিগত ১৩ বছর ধরে তবলার সাধনা করছে সুমন। এর মধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন নামী মঞ্চে ৬২-টিরও বেশি সফল অনুষ্ঠান উপহার দিয়েছে সে। ভারত–বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে বিখ্যাত ডোভার লেন মিউজিক কনফারেন্স বা জাতীয় কলা উৎসব— প্রতিটি জায়গাতেই সুমনের তবলা লহরী মুগ্ধ করেছে দর্শকদের। তার ঝুলিতে রয়েছে ৪৩-টি জাতীয় ও আন্তর্জাতিক সংশাপত্র, যার মধ্যে ২২-টিতেই সে প্রথম স্থান অধিকার করেছে।

তবে সুমনের কৃতিত্ব কেবল মঞ্চেই সীমাবদ্ধ নয়। নিজের উপার্জিত অর্থ ও পুরস্কারের টাকা দিয়ে সে রানাঘাটে স্থাপন করেছে ‘রানাঘাট হিউম্যানিটিজ এডুকেশন সেন্টার’। সেখানে বর্তমানে ৪২ জন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশু বিনামূল্যে তবলা শেখার সুযোগ পাচ্ছে। অভাবী শিশুদের হাতে সে নিজের খরচে তবলা তুলে দেয়। সঙ্গীত ও সেবার এই অনন্য প্রচেষ্টার জন্যই সে ইতিপূর্বে ভারতরত্ন ড. এম. এস. সুব্বুলক্ষ্মী ফেলোশিপও লাভ করেছে। সুমনের এই সাফল্য আগামী প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা।