‘এখন আমরা পিছিয়ে গিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করেও কেন দিলীপকে মাঠে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে তোলপাড় ফেলে দিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে যখন বঙ্গ বিজেপি নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, ঠিক তখনই দলের বর্তমান পরিস্থিতি এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে সরাসরি নিজের মত প্রকাশ করলেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বর্তমানে বিজেপির প্রচারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি অত্যন্ত ভালো কাজ করছেন।” তবে শুভেন্দুর প্রশংসা করার পাশাপাশি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা নিয়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। তাঁর মতে, দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গে তাদের শ্রেষ্ঠ সময় দেখেছে।
সাংসদ আক্ষেপের সুরে বলেন, “দিলীপ ঘোষের সময়েই আমরা ১৮ জন সাংসদ পেয়েছিলাম, কিন্তু এখন আমরা কিছুটা পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তাঁর মধ্যে এখনও সেই লড়াকু আগুন বর্তমান।” তিনি আরও যোগ করেন যে, দিলীপ বাবুর একটি নিজস্ব স্টাইল আছে যা সাধারণ মানুষ পছন্দ করেন। তাই সমস্ত সঙ্কোচ ঝেড়ে ফেলে তাঁর মতো বড় নেতার আবারও কোমর বেঁধে ময়দানে নামা উচিত।
তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর মন্তব্য। আচমকাই তিনি বলেন, “বিয়ে করাটা কোনও অপরাধ নয়।” কেন তিনি হঠাত এই প্রসঙ্গে কথা বললেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এর আগে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, কেন্দ্র সরকার হয়তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বদলাতে ততটা আগ্রহী নয়। সব মিলিয়ে, নির্বাচনের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই জোড়া ফলা মন্তব্য বঙ্গ বিজেপির অন্দরে নতুন কোনও সমীকরণের জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার।