শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশিতে মিলল নথির পাহাড়, মেসির সফরের কোটি কোটি টাকার হিসেব দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের!

যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রু দত্তকে ঘিরে জট ক্রমশ জটিল হচ্ছে। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) এবার বড়সড় পদক্ষেপ নিল। সূত্র মারফৎ জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২২ কোটি টাকা ফ্রিজ করেছে সিট। একইসঙ্গে রিষড়ায় তাঁর পৈতৃক বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বস্তা বস্তা নথিপত্র।
মেসিকে আনতে ৮৯ কোটি! বিস্ফোরক তথ্য জেলে থাকাকালীন জেরার মুখে লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই ফুটবল আয়োজক। শতদ্রুর দাবি অনুযায়ী:
ভারত সফরের জন্য বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসিকে দেওয়া হয়েছিল ৮৯ কোটি টাকা।
এই মেগা ইভেন্টের জন্য কেন্দ্রীয় সরকারকে কর (Tax) বাবদ মেটানো হয়েছিল ১১ কোটি টাকা।
মোট ১০০ কোটি টাকার বাজেটের মধ্যে ৩০ শতাংশ সংগৃহীত হয়েছিল স্পনসরদের থেকে এবং বাকি ৩০ শতাংশ টাকা এসেছিল চড়া দামে টিকিট বিক্রি করে।
রিষড়ার বাড়িতে কড়া তল্লাশি শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি ও ডায়েরি উদ্ধার করেছেন। অভিযোগ উঠেছে, যুবভারতীকাণ্ডের আর্থিক লেনদেনের গভীরে এমন কিছু নাম লুকিয়ে আছে, যা প্রকাশ্যে এলে অস্বস্তিতে পড়তে পারে প্রভাবশালী মহলের একাংশ। এই বিপুল অঙ্কের টাকার উৎস এবং খরচ নিয়ে বয়ানের সত্যতা যাচাই করতে শতদ্রুর আয়কর নথিও খতিয়ে দেখছে সিট।
মেসির সফরের নামে কোনো বড়সড় আর্থিক তছরুপ হয়েছে কি না, এখন সেটাই মূল তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শতদ্রুর দেওয়া এই তথ্যের পর ফুটবল মহলেও শুরু হয়েছে প্রবল গুঞ্জন।