কুয়াশার চাদরে ঢাকল মোদীর কপ্টার, পৌঁছাতে পারলেন না তাহেরপুরে! ফোনে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে ঘিরে রবিবার সকাল থেকেই ছিল তুঙ্গে উন্মাদনা। কিন্তু শেষ মুহূর্তে বিধি বাম! প্রবল কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাহেরপুরের অস্থায়ী হেলিপ্যাডে নামতেই পারল না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর নিরাপত্তার খাতিরে কপ্টারটি পুনরায় কলকাতার দিকে ফিরে যেতে বাধ্য হয়।
জনসমুদ্রে হতাশার সুর প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে সাতসকাল থেকেই নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি। মাঠ ছাপিয়ে ভিড় উপচে পড়েছিল রাস্তায়। কিন্তু কপ্টার ফিরে যাওয়ার খবর আসতেই জনসভাস্থলে নেমে আসে বিষণ্ণতা। প্রিয় নেতাকে সামনাসামনি দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক বয়স্ক সমর্থক।
অডিও বার্তায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ জনসভায় উপস্থিত হতে না পেরে আবেগঘন অডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার মাইকে সেই বার্তা শোনানো হয়। বক্তৃতার শুরুতেই তিনি সভায় আসতে না পারার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের মাঝে পৌঁছাতে চেয়েছিলাম, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হলো না। আপনাদের এই ভালোবাসা আমি চিরকাল মনে রাখব।”
শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক আহ্বান বক্তব্যে মোদী অত্যন্ত ভারাক্রান্ত গলায় স্মরণ করেন সেই তিন বিজেপি কর্মীকে, যাঁরা আজ সকালে সভায় আসার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁদের আত্মবলিদান বৃথা যাবে না বলে আশ্বাস দেন তিনি। একইসঙ্গে রাজ্যবাসীর কাছে উন্নয়নের স্বার্থে পরিবর্তনের ডাক দিয়ে বলেন, “বাংলার সার্বিক উন্নতির জন্য একবার বিজেপি সরকারকে সুযোগ দিয়ে দেখুন।”
প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতি না থাকলেও, তাঁর অডিও বার্তা এবং কর্মীদের প্রতি সহমর্মিতা তাহেরপুরের সভা চত্বরে এক অন্যরকম আবেগের পরিবেশ তৈরি করে। সভা শেষে ভারী মনেই বাড়ির পথ ধরেন হাজার হাজার মানুষ।