‘এসআইআর নিয়ে ভয় নেই, উৎসবে মাতুন!’ বড়দিন ও গঙ্গাসাগরের আগে রাজ্যবাসীকে অভয় দিলেন মমতা।

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যবাসীকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর (SIR) বা ভোটার তালিকা পরিমার্জন নিয়ে যখন চারদিকে নানা আলোচনা চলছে, তখন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং সামনেই আসা মেলা এবং উৎসবের দিনগুলোতে রাজ্যবাসীকে প্রাণখুলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উৎসব ও এসআইআর নিয়ে বার্তা: মুখ্যমন্ত্রী বলেন, “একদিকে এসআইআর-এ নাম তুলবেন, অন্যদিকে মেলা-উৎসবেও যাবেন। বড়দিন আসছে, গঙ্গাসাগর আসছে, তারপর রমজান— সব উৎসবেই সামিল হোন। এর পরেই তো ইলেকশন এসে যাবে।” তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, প্রশাসনিক কাজ চললেও রাজ্যের উৎসবের মেজাজে যেন কোনো বিঘ্ন না ঘটে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার জয়গান: বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় থেকে নিশ্চিন্তে ব্যবসা করা যায়। আমাদের সীমান্ত বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে যুক্ত। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) পশ্চিমবঙ্গ আজ দেশের মধ্যে এগিয়ে। প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে এখানে।” তিনি আরও জানান, বাংলার ৩৬টি পণ্য ইতিমধ্যেই জিআই (GI Tag) পেয়েছে, যা আগামী দিনে ৩৬০০ হতে পারে।

কেন্দ্রকে নিশানা ও নীতি আয়োগের রিপোর্ট: এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না দিল্লি। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি নীতি আয়োগের রিপোর্টের প্রসঙ্গ টেনে বলেন, “অনেকে শুধু সমালোচনা করেন। অথচ নীতি আয়োগের রিপোর্টই বলছে আমরা বেকারত্ব ৪০% কমিয়ে দিয়েছি। আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা বজায় আছে বলেই রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্প সাফল্যের সঙ্গে চলছে।”

বিরোধীদের কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “ওদের কাজ নেই তাই খই ভাজছে।” উৎসবের মরশুমে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা যে অব্যাহত থাকবে, সেই বার্তাই এদিন বাণিজ্য মঞ্চ থেকে দিলেন মুখ্যমন্ত্রী।