‘দুষ্টু-মিষ্টি মেডিসিন দিয়ে সলভ করে দিই!’ নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে কাদের হুঁশিয়ারি দিলেন মমতা?

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন’-এর মেগা সম্মেলনে ফের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যজুড়ে বিনিয়োগের পরিবেশ এবং শান্তি বজায় রাখা নিয়ে কড়া বার্তা দিলেন তিনি।
মোদীর ‘চা’ প্রসঙ্গ ও মমতার পালটা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতীতে চা বিক্রির প্রসঙ্গ টেনে মমতা বলেন, “প্রধানমন্ত্রী চায়ের কথা বললে তখন কিছু হয় না। আমি কিছু বললেই নানা প্রশ্ন তোলা হয়। মনে রাখুন, কোনও কাজই ছোট নয়।” কর্মসংস্থান এবং স্বনির্ভরতা নিয়ে তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচকদের এভাবেই এদিন জবাব দিয়েছেন তিনি।
‘দুষ্টু-মিষ্টি মেডিসিন’ ও বনধ রাজনীতি: রাজ্যের শিল্প ও ব্যবসার পরিবেশ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাম আমলের ‘বনধ কালচার’-কে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, তাঁর রাজত্বে বাংলায় বনধের সেই কলঙ্ক ঘুচেছে। তবে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বনধ কে আমরা বন্ধ করে দিয়েছি। কেউ যদি এখনও সমস্যা করার চেষ্টা করে, তবে তাকে ‘দুষ্টু-মিষ্টি মেডিসিন’ দিয়ে সলভ করে দিই।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রুখতে বার্তা: এদিন ব্যবসায়ীদের সামনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু মানুষ ভিন রাজ্যের বা পুরনো ছবি ব্যবহার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। মমতা স্পষ্ট জানান, “সোশ্যাল মিডিয়ার একটা অংশ কেবল বাংলার বদনাম করতেই ব্যস্ত। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন।”
এদিনের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, রাজ্যে ব্যবসার পরিবেশ এখন অনেক বেশি স্বচ্ছ এবং নিরাপদ। শিল্পপতি ও ছোট ব্যবসায়ীদের সবরকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।