ট্রেনের খাবারে বিরাট চমক! আর নয় চেনা মেনু, এবার বন্দে ভারত-অমৃত ভারতে মিলবে রেস্তোরাঁর বিরিয়ানি-চিলি চিকেন

সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেল যাত্রার অভিজ্ঞতা বদলে যাচ্ছে। এবার ট্রেনে খাবারের চেনা ভেজ বা নন-ভেজ মিলের গণ্ডি পেরিয়ে যাত্রীরা পেতে চলেছেন রেস্তোরাঁর স্বাদ। রেল মন্ত্রক যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এই নতুন চমক নিয়ে এসেছে।

কী এই নতুন চমক?

ভারতীয় রেলের নেটওয়ার্কের অধীনে আইআরসিটিসি (IRCTC) এবার চালু করেছে ‘প্রুফ অব কনসেপ্ট মিল ট্রায়াল’। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু রুটের বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে চেনা ক্যাটারিং মেনুর বাইরে রেস্তোরাঁর মতো খাবার পরিবেশন করা হবে। এই ট্রায়ালের লক্ষ্য হলো কিচেন পরিকাঠামো উন্নত করা এবং খাবার তৈরি থেকে পরিবেশন পর্যন্ত গুণমান ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া।

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, এই ট্রায়ালে যুক্ত ক্যাটারিং সংস্থাগুলি রেস্তোরাঁর মেনুর মতো নানা ধরনের খাবারের অপশন রাখবে। ফলে যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি, ফ্রায়েড রাইস-চিলি চিকেন বা তন্দুরির মতো খাবার বেছে নিতে পারবেন।

কোন কোন ট্রেনে মিলছে এই সুবিধা?

আপাতত কয়েকটি নির্দিষ্ট রুটের ট্রেনে এই ট্রায়াল শুরু হয়েছে। যেমন:

নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস: এখানে খাবার পরিবেশনের দায়িত্বে থাকছে হলদিরাম (নাগপুর) ও এলিওর (সেকেন্দ্রাবাদ)।

দিল্লি-সীতামারহি অমৃত ভারত এক্সপ্রেস: এই রুটে খাবার পরিবেশন করছে দিল্লির টাচ স্টোন ফাউন্ডেশন।

কাসারগড়-ত্রিবান্দম বন্দে ভারত এক্সপ্রেস এবং ম্যাঙ্গালোর-ত্রিবান্দম বন্দে ভারত এক্সপ্রেস: এই দুটি রুটে ক্যাটারিং-এর দায়িত্বে আছে ক্যাসিনো এয়ার ক্যাটেরার অ্যান্ড ফ্লাইট সার্ভিস।

বাপুধাম মোতিহারি-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস: এই রুটে খাবার পরিবেশন করবে দ্বারকার ইসকন।

প্রতিদিন ১৬.৫০ লক্ষ যাত্রীকে খাবার সরবরাহকারী আইআরসিটিসি-র এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে রেল যাত্রার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।