চূড়ান্ত বিশৃঙ্খলা! সংবর্ধনা না নিয়েই মেসি মাঠ ছাড়তেই মাঝপথ থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

লিওনেল মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠান ঘিরে সৃষ্ট চরম বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নিয়েই মাঝপথ থেকে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবভারতীতে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে সংবর্ধনা জানানোর কথা ছিল। কিন্তু অব্যবস্থাপনা ও দর্শকদের চরম ক্ষোভের জেরে মাত্র ১০ মিনিটের মধ্যেই মেসি তাঁর সতীর্থ লুই সুয়ারেজ এবং রড্রিগো ডি’পলকে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান।

মেসির এমন আকস্মিক প্রস্থানের পর যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ‘ভগবান’ দর্শন থেকে বঞ্চিত বিক্ষুব্ধ হাজার হাজার ভক্তরা মাঠের মধ্যেই নেমে আসেন। দর্শকাসন থেকে জলের বোতল ছোড়ার এবং গেট ভাঙার মতো ঘটনাও ঘটে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবভারতীর উদ্দেশে আসছিলেন, তিনি মেট্রোপলিটন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু যুবভারতীর অভ্যন্তরে সৃষ্ট বিশৃঙ্খলার খবর পাওয়ামাত্রই তিনি মাঝপথ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারত, তাই নিরাপত্তার কারণে এবং সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হওয়ার কারণেই তিনি স্টেডিয়াম পর্যন্ত যাননি বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় কলকাতার ক্রীড়া মহলে আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।