ভোটার তালিকায় বিরাট ছেদ! বাদ পড়তে চলেছে ৫৮ লক্ষেরও বেশি নাম, কেন এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের?

বৃহস্পতিবার রাজ্যে এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ভোটার তালিকা থেকে বাদ পড়তে যাওয়া নামের বিপুল সংখ্যা প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোটা রাজ্য জুড়ে ‘আন-কালেক্টেবল ফর্ম’-এর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১টি। এই বিপুল সংখ্যক ফর্মের তথ্য না মেলায় সংশ্লিষ্ট নামগুলি খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলাওয়াড়ি যে হিসেব দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনা জেলায়— ৮ লক্ষ ১৬ হাজার ৪৭টি। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে নাম বাদের সংখ্যা ৭ লক্ষ ৯২ হাজার ৬৪টি। অন্যদিকে, রাজ্যের সবথেকে কম নাম বাদ গিয়েছে কালিম্পং জেলায়, যার সংখ্যা মাত্র ১৭ হাজার ৩২১টি।
কবে প্রকাশিত হবে খসড়া তালিকা?
নির্বাচন কমিশন আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এই তালিকা প্রকাশের পর থেকে ভোটারদের দাবি ও অভিযোগ জানানোর জন্য সময় দেওয়া হবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে জমা পড়া সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজন অনুসারে, সংশ্লিষ্ট ভোটারকে ডেকে ‘হিয়ারিং’-এর জন্য ডাকা হবে এবং তাঁর সঙ্গে আলোচনা করেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই প্রক্রিয়া চলবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ৭ ফেব্রুয়ারির পর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
কীভাবে তালিকা যাচাই করবেন?
ভোটাররা খসড়া তালিকায় নিজেদের নাম আছে কিনা, তা অনলাইন ও অফলাইন— দু’ভাবেই যাচাই করতে পারবেন।
-
অনলাইনে: নির্বাচন কমিশনের ওয়েবসাইট ($eci.gov.in$), সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ($ceowestbengal.wb.gov.in$), এবং ইসিআই নেট অ্যাপে গিয়ে নাম ও এপিক নম্বর দিয়ে যাচাই করা যাবে।
-
অফলাইনে: ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন রাজ্যের সমস্ত বিএলওদের (বুথ লেভেল অফিসার) হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজেদের বুথে গিয়ে বিএলও-র কাছে অথবা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে থাকা তালিকায় নাম যাচাই করতে পারবেন।