ঘুমের ওষুধ খেয়ে মা-বাবার আত্মহত্যা, এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়েরও! চন্দননগরে একই পরিবারে শোকের ছায়া

চন্দননগরে ঘুমের ওষুধ খেয়ে বৃদ্ধ দম্পতির আত্মহত্যার ঘটনার মাস ছয়েক পর এবার তাঁদের মেয়ে শর্মিষ্ঠা দাসের (৪৩) অস্বাভাবিক মৃত্যু হলো। বুধবার বিকেলে চন্দননগর থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের ৬ জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার একই পরিবারের তিন সদস্য—বৃদ্ধ দম্পতি একেন্দ্র নাথ দাস (৮৭), সুনীতা দাস (৮৩) এবং তাঁদের মেয়ে শর্মিষ্ঠা দাস—একসঙ্গে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন অচৈতন্য অবস্থায় তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৃদ্ধ দম্পতির মৃত্যু হলেও, শর্মিষ্ঠা দাসের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সময় শর্মিষ্ঠা জানিয়েছিলেন, পরিবারের আর্থিক অনটনের কারণেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে মা-বাবার মৃত্যুর প্রায় ছয় মাস পর বুধবার শর্মিষ্ঠা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল, যা পরিবারটিতে ফের শোকের ছায়া নিয়ে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।