স্বামীকে খুন করে ড্রামে ভরা সেই মুসকান জেল হেফাজতে জন্ম দিলেন কন্যাসন্তানের! মা-শিশু কেমন আছে?

চাঞ্চল্যকর সৌরভ রাজপুত হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত মুসকান, যিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, সোমবার সন্ধ্যায় একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, মা এবং সদ্যজাত দু’জনেই সুস্থ আছেন। গ্রেফতারের সময়ই মুসকান অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে প্রসব বেদনা বেড়ে যাওয়ায় মুসকানকে লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেন। সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট ডা. বিরেশ রাজ শর্মা পিটিআই-কে জানান, নবজাতকের ওজন ২.৪ কেজি। হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান ডা. শকুন সিং মা ও শিশুর স্থিতিশীল থাকার খবর নিশ্চিত করেছেন।

এদিকে, অভিযুক্ত মুসকানের পরিবারকে এই খবর দেওয়া হলেও, এখনও পর্যন্ত কোনও আত্মীয় তাকে বা শিশুকে দেখতে হাসপাতালে আসেননি। ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে হাসপাতাল জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ওয়ার্ডগুলোতে পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত মার্চ মাসে মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশি তদন্তে জানা যায়, ৪ মার্চ রাতে সৌরভকে মাদক খাইয়ে ছুরি দিয়ে হত্যা করে তাঁর স্ত্রী মুসকান এবং প্রেমিক সাহিল শুক্লা। এরপর অভিযুক্তরা সৌরভের মাথা ও হাত কেটে দেহটি সিমেন্ট-ভরা নীল রঙের একটি ড্রামে লুকিয়ে রাখে এবং হিমাচল প্রদেশে পালিয়ে যায়। পুলিশি তথ্য অনুযায়ী, মুসকান অন্তত ২০২৩ সালের নভেম্বর মাস থেকেই খুনের পরিকল্পনা করেছিলেন। সৌরভ তাদের প্রেমের সম্পর্কে বাধা হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ১৮ মার্চ মুসকান ও সাহিলকে গ্রেফতার করা হয়।