ট্রেনে ফোন হারানো অতীত! RPF-এর নতুন কৌশল: CEIR পোর্টালে ১৭৪টি মোবাইল উদ্ধার, ফিরে পেলেন আসল মালিকেরা!

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) প্রযুক্তি ব্যবহার করে এক বিশাল সাফল্য অর্জন করেছে। সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টালের সহায়তায় ট্রেন এবং রেলওয়ে চত্বর থেকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ১৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরপিএফ-এর সাইবার ক্রাইম উইং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের সিইআইআর প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ডিভাইসগুলি খুঁজে বের করার প্রক্রিয়াকে দ্রুত এবং সহজ করে তুলেছে। যাত্রীরা ‘রেল মদদ’ অ্যাপের মাধ্যমে হারানো বা চুরি যাওয়া ডিভাইসগুলির রিপোর্ট জানালে, আরপিএফ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।
কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া, লামডিং এবং তিনসুকিয়া—উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সমস্ত মুখ্য ডিভিশন এই পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরপিএফ কর্মীরা এ পর্যন্ত ১৪৬টি উদ্ধারকৃত ফোন তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন। মালিকানা ফেরতের ক্ষেত্রে কাটিহার এবং লামডিং ডিভিশন সবচেয়ে ভালো পারফর্ম করেছে। অন্যদিকে, আলিপুরদুয়ার ডিভিশন সর্বাধিক সংখ্যক মামলা পরবর্তী পদক্ষেপের জন্য সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর কাছে হস্তান্তর করেছে।
আরপিএফ হারিয়ে যাওয়া ডিভাইসগুলি সনাক্ত করতে এবং যাত্রীদের দ্রুত পরিষেবা দিতে সিইআইআর পোর্টালে মতো প্রযুক্তির কার্যকর ব্যবহারে জোর দিচ্ছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের অনুরোধ জানিয়েছে, মোবাইল ফোন বা মূল্যবান জিনিসপত্র হারালে দ্রুত আরপিএফ পোস্ট বা ‘রেল মদদ’ হেল্পলাইনে রিপোর্ট জানাতে, যাতে দ্রুত সেগুলি পুনরুদ্ধার করা যায়।