ভোটার তালিকা আপডেট! বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ শুরু, সময় মাত্র ১৯ দিন, না করলে কী হবে?

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR-Summary Revision) জন্য এনুমারেশন ফর্ম বিলির কাজ প্রায় শতভাগ শেষ। এবার শুরু হল ফর্ম সংগ্রহের মহাযজ্ঞ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রবিবার বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯৯.৪২% অর্থাৎ ৭ কোটি ৬১ লক্ষ ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। আজ, সোমবার থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পূরণ করা ফর্মগুলি সংগ্রহ করার কাজ শুরু করেছেন।

৪ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে ফর্ম

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, আগামী ৪ ডিসেম্বরের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলও-দের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা না পড়লে ভোটারদের সমস্যায় পড়তে হতে পারে। রবিবার পর্যন্ত রাজ্যে ৭.০৮% অর্থাৎ ৫৪ লক্ষ ২৭ হাজার পূরণ করা ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন করা হয়েছে বলেও কমিশন জানিয়েছে। বিলির সঙ্গেই অনেক জায়গায় ফর্ম সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছিল।

বিএলও-দের জন্য নির্দেশিকা

আজ থেকে বিএলও-দের মূল কাজ হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দ্রুততার সঙ্গে ফর্ম সংগ্রহ করা। কমিশনের নির্দেশ, ফর্ম পূরণে কোনো ভোটার সমস্যায় পড়লে সংশ্লিষ্ট বিএলও-কে অবশ্যই তাঁকে সহায়তা করতে হবে। হাতে রয়েছে মাত্র ১৯ দিন। এই সময়ের মধ্যেই সমস্ত ফর্ম সংগ্রহ করে দ্রুত তা ডিজিটাইজেশন বা অ্যাপে তোলার কাজ সম্পন্ন করতে হবে।

কবে চূড়ান্ত তালিকা?

ফর্ম সংগ্রহের পর আগামী ৯ ডিসেম্বর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় যদি কোনো ভুল থাকে বা কোনো ভোটার নতুন করে নাম তুলতে চান, তবে তা খতিয়ে দেখে আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।