বিশ্বকাপ ফাইনালের রাতে ফোন করেছিলেন ‘লিটল মাস্টার’! হরমনপ্রীতকে ঠিক কী পরামর্শ দিয়েছিলেন সচিন তেন্ডুলকর?

দিন কয়েক আগেই নভি মুম্বইয়ের এক মায়াবী রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক এই জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা দেশ। তবে এই ফাইনাল ম্যাচের আগে দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) একটি অত্যন্ত মূল্যবান পরামর্শ পেয়েছিলেন। আর সেই পরামর্শদাতা ছিলেন স্বয়ং ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)!

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমনপ্রীত নিজেই এই তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, বিশ্বকাপ ফাইনালের আগের রাতে ‘লিটল মাস্টার’ তাঁকে ফোন করেছিলেন।

সচিন কী পরামর্শ দিয়েছিলেন?

হরমনপ্রীত কৌর সচিনের পরামর্শের বিষয়ে বলেন, “ফাইনালের আগের রাতে সচিন স্যর ফোন করেছিলেন। তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং আমাদের সবসময় ভারসাম্য বজায় রাখতে বলেছিলেন।”

হরমনপ্রীত আরও যোগ করেন, সচিন তাঁকে বিশেষভাবে সতর্ক করে বলেছিলেন:

“ম্যাচ যদি খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, সেক্ষেত্রে জিনিসপত্র একটু থামিয়ে গতিটা কমাতে হবে। এই গতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। খুব তাড়াহুড়ো করলে বা বাড়তি গতিতে এগোলে সেজ্ঞেত্রে ধ্বস নামার সুযোগ রয়েছে, মুখ থুবড়ে পড়তে হতে পারে। সেই ভুলটাই যেন আমরা না করি, সেদিকে জোর দিতে হবে।”

সচিনের এই মূল্যবান টিপস যে ভারতের বিশ্ব জয়ের পথে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, ক্রিকেটের এই দুই কিংবদন্তির আলোচনা নিঃসন্দেহে ভারতের মহিলা দলকে ফাইনালে চাপমুক্ত থাকতে এবং ঐতিহাসিক জয় নিশ্চিত করতে সাহায্য করেছিল।