বিরাট কোহলির আরসিবি বিক্রি হচ্ছে! মালিকানা বদলের গুঞ্জনে সিলমোহর, কারা কিনছে?

বহু প্রতীক্ষার পর অবশেষে এই বছর আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তবে এই ঐতিহাসিক জয়ের পর থেকেই মালিকানা বদলের যে গুঞ্জন শুরু হয়েছিল, এবার তাতে সিলমোহর পড়ল। বিরাট কোহলিদের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির পথে। ডিয়াজিয়ো (Diageo) মালিকানাধীন আরসিবি (পুরুষ ও মহিলা দল উভয়) ফ্র্যাঞ্চাইজি বিক্রির প্রক্রিয়াকরণ শুরু করেছে বলে ক্রিকবাজের রিপোর্টে প্রকাশ। আগামী বছর ৩১ মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

মালিকপক্ষ ডিয়াজিয়ো নিজেই দল বিক্রির বিষয়টি প্রকাশ্যে এনেছে। গত ৫ নভেম্বর তারা বম্বে স্টক এক্সচেঞ্জকে (BSE) চিঠি দিয়ে জানায়, আরসিবি বিক্রির সিদ্ধান্তটি নিছকই তাঁদের ‘স্ট্র্যাটেজিক রিভিউ’ বা কৌশলগত পর্যালোচনা। ডিয়াজিয়ো, যা যুক্তরাজ্যের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনস্থ একটি ভারতীয় সংস্থা, তারা চিঠিতে জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করতে তারা আশাবাদী।

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রবীণ সোমেশ্বর জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (RCSPL) তাঁদের জন্য মূল্যবান সম্পদ হলেও, তাঁদের মূল ব্যবসার সঙ্গে এর প্রত্যক্ষ সম্বন্ধ না-থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কে কিনতে পারে আরসিবি? আরসিবি কেনার জন্য আগ্রহী একাধিক বড় সংস্থার নাম আগেই সামনে এসেছিল। ক্রিকবাজের রিপোর্টে প্রকাশ—যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি বিনিয়োগ সংস্থা, আদানি গ্রুপ (Adani Group), শিল্পপতি আদার পুনাওয়ালা (Adar Poonawalla), জেএসডব্লিউ গ্রুপ (JSW Group) এবং দেবয়ানি ইন্টারন্যাশনাল গ্রুপ-সহ বেশ কিছু সংস্থা এই ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে আগ্রহী।

২০২৫ আইপিএল জয়ের পর চিন্নাস্বামীতে পদপিষ্টের হৃদয়বিদারক ঘটনার পরেই আরসিবি বিক্রি হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে গুঞ্জন মনে হলেও, বম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে মালিকপক্ষের এই সংযোগস্থাপন বিষয়টিতে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছে। তবে ইএসপিএন ক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ী, মালিকানায় বদল এলেও আসন্ন আইপিএল ও ডব্লিউপিএল-এর পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। ডিসেম্বরে ২০২৬ আইপিএল-এর মিনি অকশন এবং জানুয়ারিতে ডব্লিউপিএল-এর রিটেনশন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে। এখন দেখার, কোন নতুন সংস্থার মালিকানায় বিরাট কোহলি, রজত পাতিদাররা পরবর্তী আইপিএলে মাঠে নামেন।