মাঝ আকাশে ককপিটের কাঁচ ফাটল! ট্রাম্পের মতোই কি মহাকাশের উল্কাপিণ্ড আঘাত হানল বিমানের ককপিটে?

মাঝআকাশে আচমকা ককপিটের উইন্ডশিল্ড বা সামনের কাচ ফেটে যাওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান। গত ১৬ অক্টোবর ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট ইউএ১০৯৩-তে এই ঘটনাটি ঘটে। ককপিটে ফাটল ধরা পড়তেই বিমানটি দ্রুত সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

জানা গেছে, বিমানটি যখন ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল, ঠিক সেই সময় পাইলটরা ককপিটের উইন্ডশিল্ডে অস্বাভাবিক ফাটল লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে বিমানটিকে ২৬,০০০ ফুট উচ্চতায় নামিয়ে আনা হয় এবং দ্রুত সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। বিমানটিতে মোট ১৪০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এই ঘটনায় এক পাইলট সামান্য আহত হন বলে খবর।

মহাকাশের ধ্বংসাবশেষ বা উল্কাপিণ্ডের আঘাতের আশঙ্কা:

সাধারণত বিমানের উইন্ডশিল্ড অত্যন্ত শক্তিশালী উপাদান দিয়ে তৈরি হয়, যা হঠাৎ চাপ বা পাখির ধাক্কাতেও ভাঙে না। কিন্তু ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ফাটলের জায়গায় দগ্ধচিহ্ন রয়েছে এবং আহত পাইলটের হাতে আঘাতের দাগও দেখা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি কোনও সাধারণ কাঠামোগত ফাটল নয়। হয়তো মহাকাশের ধ্বংসাবশেষ (Space Debris) বা ছোট কোনও উল্কাপিণ্ড (Meteorite) বিমানটির ককপিটে আঘাত করেছিল।

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং কোনও যাত্রী আহত হননি। আহত পাইলট বর্তমানে সুস্থ আছেন। যদিও কাচ ফাটার প্রকৃত কারণ নিয়ে সংস্থাটি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

ইউনাইটেড এয়ারলাইন্সে ক্রমাগত বিপত্তি:

এই ঘটনার মাত্র দুই দিন পরই, ১৮ অক্টোবর শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে গেটে ঢোকার সময় ইউনাইটেড এয়ারলাইন্সের অপর একটি বিমান ভুলবশত তাদেরই অন্য একটি বিমানের লেজে ধাক্কা মারে। এই ঘটনায় যদিও কোনও যাত্রী আহত হননি, কিন্তু পরপর এই ধরনের প্রযুক্তিগত ও অপারেশনাল বিপত্তি বিশ্বজুড়ে ইউনাইটেড এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেছেন বিমান বিশেষজ্ঞরা।