‘ভেজিটেবল বিরিয়ানির বদলে চিকেন’! চরম বচসার পর হোটেলে গুলি, রাঁচির ঘটনায় অভিযুক্তরা অধরা

নিরামিষ বিরিয়ানির (Veg Biryani) বদলে আমিষ বিরিয়ানি (Non-Veg Biryani) পরিবেশনের মতো সামান্য ভুলকে কেন্দ্র করে রাঁচিতে ঘটল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক হোটেল মালিকের। শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের রাঁচীর কাঁকে-পিথোরিয়া রোড এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও সংবাদ সংস্থা সূত্রে খবর, নিহত হোটেল মালিকের নাম বিজয়কুমার নাগ (৪৭)। রাঁচীর কাঁকে-পিথোরিয়া রোডের ধারে একটি খাবারের দোকান চালাতেন তিনি। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, ওই রাতে এক গ্রাহক বিজয়ের দোকানে নিরামিষ বিরিয়ানির অর্ডার দেন। কিন্তু অভিযোগ, ভুলবশত ওই গ্রাহককে মাংসসমেত বিরিয়ানি পরিবেশন করে ফেলা হয়। পার্সল নিয়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই ওই ক্রেতা কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে দোকানে ফিরে আসেন এবং অভিযোগ করেন— তাঁকে নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে।

এ নিয়ে হোটেল মালিক বিজয়ের সঙ্গে ওই যুবকদের তুমুল বচসা শুরু হয়। গ্রামীণ পুলিশ সুপার প্রবীণ পুষ্কর জানান, বচসা চলাকালীন হামলাকারীদের মধ্যে এক জন হঠাৎই বিজয়কুমার নাগকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সোজা তাঁর বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় বিজয়বাবুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়।

এই খুনের ঘটনার জেরে রবিবার সকালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় উত্তেজিত বাসিন্দারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কাঁকে-পিথোরিয়া রোড অবরোধ করেন। কাঁকে থানার আধিকারিক (ওসি) প্রকাশ রজক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস)-এ পাঠানো হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।