মহীশূরে চরম আতঙ্ক! বাঘের আক্রমণে গুরুতর আহত এক কৃষক, প্রাণ বাঁচাতে গাছে উঠেও মরিয়া লড়াই গ্রামবাসীদের

মহীশূর জেলার সারাগুর তালুকের বাদগালাপুরা গ্রামে বাঘের আক্রমণের এক ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ৩৪ বছর বয়সী এক কৃষক মহাদেব গুরুতর আহত হয়েছেন।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, বাঘটি কাছেই থাকা একটি ঝোপ থেকে উঠে এসে মাঠে কাজ করা একদল লোকের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণ থেকে বাঁচতে গ্রামবাসীরা মরিয়া হয়ে গাছের মগডালে উঠে পড়েন। কিন্তু নাছোড় দক্ষিণরায়ও তাঁদের কাবু করতে মরিয়া ছিল। গাছের উপর থেকেই গ্রামবাসীরা বাঘকে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।

দুর্ভাগ্যবশত, মহাদেব পালাতে পারেননি। বাঘ তাঁকে নিশানা করে ঝাঁপিয়ে পড়ে এবং টেনে মাটিতে ফেলে তাঁর মুখ ও মাথায় কামড় বসায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘের কামড়ে মহাদেব গুরুতর আহত হন। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।

বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ

গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় বারবার বাঘ ঢুকে পড়ার কারণে তারা বিগত কয়েক সপ্তাহ ধরেই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। আক্রমণের পর ক্ষুব্ধ স্থানীয়রা বন কর্মকর্তাদের চরম অবহেলার অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, আগে থেকে দ্রুত ব্যবস্থা নিলে এই আক্রমণ রোধ করা যেত।

এদিকে, আক্রমণের পরে বাঘের খোঁজে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে ধরার জন্য চিরুনি অভিযান শুরু করেছেন। বাঘটিকে খুঁজে বের করার এবং শান্ত করার প্রচেষ্টা জোরদার করেছে বন কর্তৃপক্ষ। আরও আক্রমণ রোধ করার জন্য অঞ্চলজুড়ে কুনকি হাতি এবং ড্রোন মোতায়েন করা হয়েছে।