ত্রিকোণ প্রেমের ভয়াবহ পরিণতি! বন্ধুর স্ত্রীকে নিয়ে বিবাদ, প্রেমিকার স্বামীকে খুন করতে এসে নিজেই খুন হলেন প্রেমিক

বিবাহ-বহির্ভূত সম্পর্ক ঘিরে তীব্র বিবাদের জেরে ত্রিকোণ প্রেমের নৃশংস পরিণতি দেখল হাওড়ার শিবপুরের গণেশ মাঝি লেন এলাকা। প্রেমিকার স্বামীকে খুন করার উদ্দেশ্যে এসে, উল্টে তাঁরই হাতে খুন হলেন প্রেমিক। এই ঘটনার পরই অভিযুক্ত বিকাশ চৌধুরী নিজেই শিবপুর থানায় আত্মসমর্পণ করেছেন।

কী ঘটেছিল বুধবার রাতে?

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুরের গণেশ মাঝি লেনের একটি আবাসনের চারতলায় থাকতেন বিকাশ চৌধুরী। অভিযোগ, বিকাশের স্ত্রী-এর সঙ্গে তাঁর বন্ধু রবি শ্রীবাস্তবের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিকাশের স্ত্রীকে নিয়ে রবি পালিয়েও যান। পরে ফিরে এলেও বিকাশের স্ত্রী আর স্বামীর সঙ্গে থাকতেন না।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফোনে বিকাশ ও রবির মধ্যে তীব্র বচসা শুরু হয়। রাতে রবি শ্রীবাস্তব আরও দু’জনকে সঙ্গে নিয়ে বিকাশের বাড়িতে আসেন। সেখানেই ঘরে বসে একসঙ্গে সবাই মদ্যপান করেন।

এরপরই ফের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, রবি শ্রীবাস্তব প্রথমে বিকাশকে খুন করতে উদ্যত হন। সেই সময় পাল্টা রবিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বিকাশ। জানা যায়, এই নৃশংস ঘটনাটি ঘটে বিকাশের ছেলের চোখের সামনেই। রবি শ্রীবাস্তবের রক্তাক্ত মৃত্যু নিশ্চিত করার পর বিকাশ আর পালাননি। তিনি নিজেই শিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে রবির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ত্রিকোণ প্রেম এবং পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। ধৃত বিকাশ চৌধুরীকে আজ আদালতে পেশ করা হবে।