‘হাই লাবুবু, আগামীকাল দেখা হবে!’ সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসালেন বিগ বি, কমেন্ট করলেন বাবুল সুপ্রিয়ও

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও অবশেষে চলতি বছরের সর্বাধিক চর্চিত সোশ্যাল মিডিয়া ট্রেন্ড #Labubu-তে গা ভাসালেন। দেরিতে হলেও এই বিষয়ে তাঁর পোস্ট দেখে অনুরাগীরা বেজায় খুশি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন বিগ বি।
ভিডিয়োটিতে দেখা যায়, তাঁর গাড়ির সামনের অংশে ঝুলছে সেই ভাইরাল লাবুবু পুতুল। ভিডিয়োর নেপথ্যে শোনা যাচ্ছে তাঁর বিখ্যাত ব্যারিটোন ভয়েজ— “Ladies and gentlemen, presenting Labubu now in my car. Hi Labubu, see you tomorrow. Bye.” (আমার গাড়িতে এবার লাবুবু। হাই লাবুবু, আগামীকাল দেখা হবে। বিদায়।) ভিডিওটির ক্যাপশনে অমিতাভ কেবল একটি সংক্ষিপ্ত শব্দ লিখেছেন— “#Labubu”, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়ও কমেন্ট বক্সে লেখেন, “হা হা। দ্য অরিজিনাল ওজি!! কণ্ঠস্বর, ভাগ্যবান এই লাবুবু… অমিতাভের সঙ্গে একই বাতাসে শ্বাস নিতে পারছে।”
এই ভিডিয়ো পোস্টের আগেই বিগ বি আরও এক আবেগঘন পোস্টে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এই অনুষ্ঠানে বচ্চন পরিবারকে সম্মানিত করা হয়েছিল। তিনি লিখেছিলেন— “একটি পরিবার… একসঙ্গে একই পেশায়… এবং একসঙ্গে তিনটি পুরস্কার… ৭০ বছরের ফিল্মফেয়ার সম্মাননা জয়া-কে, সেরা অভিনেতা ২০২৫-এ অভিষেক, আর আমাকে ৭০ বছরের উদযাপনের জন্য পুরস্কৃত করেছে। আমাদের পরম সৌভাগ্য এবং দর্শকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।”
এই অনুষ্ঠানে অভিষেক বচ্চন বাবার জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করে মঞ্চ থেকে নেমে মায়ের পাশে গিয়ে সেই মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলেন। জয়া বচ্চনের চোখে তখন কেবলই স্নেহের ছায়া।