জাল নোট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দেওর-বৌদি সহ ৩ জন, সামশেরগঞ্জে বাজেয়াপ্ত ৬ লক্ষ টাকা

ফের জাল নোট পাচার রুখে বড়সড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। এবার প্রায় ছয় লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ। জাল নোট পাচার করতে গিয়ে এক মহিলা-সহ মোট তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ এবং বেলাল হোসেন। তারা সকলেই মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। ধৃতদের মধ্যে মারিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওর-বৌদি।
বুধবার সকালে সামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া। সেখানে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই এই এলাকা থেকে এক মহিলা-সহ দু’জনকে জাল নোট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের জাল নোট সহ একাধিক ব্যক্তির গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জালনোট পাচারের এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।