‘আমি বাড়িতেই থাকছি…’, সন্তানের আগমনের দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত দিলেন ভিকি কৌশল

গত বেশ কিছু মাস ধরে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল, গত মাসেই তার সত্যতা স্বীকার করে নিয়েছেন তারকা দম্পতি। সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা ও ভিকি নিজেই সোশ্যাল মিডিয়ায় আগত সন্তানের কথা ঘোষণা করার পর থেকেই ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ।
গত সেপ্টেম্বর মাসে একটি ছবি শেয়ার করে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ লিখেছিলেন, “আমাদের জীবনের সবথেকে ভালো মুহূর্ত আসতে চলেছে। সব থেকে বড় আশীর্বাদ। ওম।” এই পোস্ট দেখেই সকলেই বুঝে গিয়েছিলেন, তারকা দম্পতির ঘরে আসতে চলেছে ছোট্ট সদস্য।
সন্তান চলতি বছরেই আসছে নাকি আগামী বছর? এই ধোঁয়াশাও কাটল ভিকি কৌশলের সম্প্রতি একটি বক্তব্য থেকে। খুব সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত জুবা কনক্লেভের দ্বিতীয় সংস্করণে নিখিল তানেজার সঙ্গে কথা বলার সময় ভিকি এমন কিছু বলেন, যা থেকে স্পষ্ট হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হতে আর বেশি সময় বাকি নেই।
ভিকি বলেন, “এই মুহূর্তে আমি আমার সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমার মনে হয় এটা আমাদের কাছে বিশাল বড় একটা আশীর্বাদ। আমার মনে হয় না এখন আমার বাড়ি থেকে বের হওয়া একদম ঠিক হবে। বেশিরভাগ সময় তাই বাড়িতেই থাকছি আমি।”
ভিকির এই মন্তব্যে ইঙ্গিত, খুব সম্ভবত এই মাসেই ক্যাটরিনা-ভিকির সন্তানের আগমন ঘটতে চলেছে, যে কারণে ভিকি এখন একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না।
শুধু ভিকি কেন, গোটা পরিবার যে আসন্ন সন্তানের জন্য ভীষণভাবে অপেক্ষা করছে, তা কিছুদিন আগে সানি কৌশলের একটি বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বৌদির আগত সন্তান নিয়ে ভীষণ নার্ভাস বলে জানিয়েছিলেন সানি। এই মুহূর্তে তাই গোটা পরিবার এখন ক্যাটরিনা কাইফের যত্ন নিতেই ব্যস্ত এবং খুব দরকার ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই।