‘মমতা হলেন মা লক্ষ্মী, ভাণ্ডার দিচ্ছেন…’ ধর্ষণের পর মুখ্যমন্ত্রীর মন্তব্য বিতর্কের মাঝেই কাটোয়ার সভায় কুণালের নতুন সুর

দুর্গাপুর মেডিক্যাল কলেজে ধর্ষণকাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে যখন রীতিমতো তোলপাড়, মেয়েদের নিরাপত্তা নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে, ঠিক সেই সময়েই বিতর্ক আরও উসকে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে বিরোধীরা সরব, অন্যদিকে কুণাল ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ‘মা লক্ষ্মীর’ সঙ্গে তুলনা করে বসলেন। শুধু তুলনা নয়, ভরা মঞ্চে গান গেয়েও শোনালেন তিনি।

শনিবার, পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চাননতলা হাই স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের এক বিজয় সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক বার্তা দেন নেতারা। এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা লক্ষ্মী’র আসনে বসান। এখানেই না থেমে, তিনি বিজেপি, সিপিএম, এবং কংগ্রেসকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানিয়ে ‘ডাকিনী, যোগিনী, পিশাচ’ বলে কটাক্ষ করেন।

মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ কিংবদন্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত গান—’কোনও এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো’ গেয়ে ওঠেন। এই গানের মধ্যে থাকা ‘গাঁয়ের বধূর শাঁখের ডাকে, লক্ষ্মী এসে ভরে দিত, গোলা সবার ঘরে ঘরে’ লাইনটিকে ধরেই তিনি মমতার তুলনা টানেন।

কুণাল স্পষ্ট বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা লক্ষ্মী। আর লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেটা মনে রাখুন।” তিনি আরও যোগ করেন, দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান দেওয়ার ফলে কুমোর থেকে ফুল চাষী পর্যন্ত সকলেই উপকৃত হচ্ছেন এবং একটি বৃহৎ আর্থিক লেনদেন ঘটছে। তাঁর কথায়, “ডেভলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তি—তাঁর প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই তুলনা করা হয়েছে।”

কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, “কুণাল ঘোষরা যে করে খায়, তাতে তো মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়ই। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এদের অনেকের বাড়িতে হাঁড়ি চড়ত না।”

তবে এই প্রথম নয়, এর আগেও তৃণমূলের অন্য নেতারা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন দেব-দেবীর সঙ্গে তুলনা করেছেন। এর আগে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের প্রকৃত উত্তরসূরি এবং তৃণমূল বিধায়ক নির্মল মাজি তাঁকে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন।