স্কুলের বেতন এবার UPI-তে! পেমেন্টের জন্য আর স্কুলে ছুটতে হবে না, বিরাট সুবিধা আনল কেন্দ্র।

বর্তমানে UPI (UPI Payment) ছাড়া ডিজিটাল দুনিয়া অচল! বাজার থেকে শুরু করে বিল পেমেন্ট—সবকিছুই হচ্ছে এক ক্লিকে। এবার সেই ডিজিটাল পরিষেবার পরিধি আরও বাড়ল। এখন থেকে স্কুলের ফি পেমেন্টও করা যাবে UPI-এর মাধ্যমে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে অভিভাবকদের প্রতি মাসে আর স্কুলের গেটে লম্বা লাইনে দাঁড়াতে হবে না।

ভারতের শিক্ষা মন্ত্রক (Ministry of Education) বিদ্যালয়ের পরিষেবাগুলিকে আরও স্বচ্ছ এবং উন্নত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খবর জানিয়েছে।

UPI দিয়েই মেটানো যাবে স্কুলের ফি
শিক্ষা মন্ত্রক জানিয়েছে, স্কুল ফি পরিশোধের জন্য তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করছে। এর ফলে অভিভাবক এবং স্কুলের শিক্ষার্থীরা একটি নির্বিঘ্ন, নিরাপদ এবং উন্নত পরিষেবা পাবেন।

শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুলগুলিকে উৎসাহিত করছে যেন তারা ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহের জন্য UPI, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ওয়ালেট-এর মতো ডিজিটাল পেমেন্ট বিকল্পগুলি চালু করে। মূলত ‘বিকশিত ভারত ২০৪৭’ মিশনের আওতায় এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিভাবক এবং শিক্ষার্থীরা কী কী সুবিধা পাবে?
এই পরিষেবাটি পুরোপুরি চালু হলে অভিভাবকরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন:

সময় সাশ্রয়: ফি পেমেন্ট করার জন্য আর প্রতি মাসে বাচ্চার স্কুলে ছুটতে হবে না।

সুবিধা: বাড়িতে বসেই UPI, নেট ব্যাঙ্কিং বা ক্যাশ ওয়ালেটের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে স্কুলের ফি জমা দেওয়া যাবে।

স্বচ্ছতা: অর্থ প্রদানের ক্ষেত্রে আসবে আরও বেশি স্বচ্ছতা এবং রেকর্ড রাখা হবে সহজ।

শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ডিজিটাল রূপান্তর একদিকে যেমন প্রক্রিয়াকে সহজ করবে, তেমনই দ্রুত লেনদেনের মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এখন শুধু অপেক্ষার পালা, কবে এই পরিষেবা দেশের সব স্কুলগুলিতে সম্পূর্ণরূপে চালু হয়।