কলকাতা হাইকোর্টে নেতৃত্বের বদল! ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের অবসরের পর এবার রদবদল ঘটল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদেও। হাইকোর্টের মাস্টার অফ রস্টার–এর দায়িত্ব সামলানো বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই সুপারিশ কার্যকর হতেই তিনি কলকাতা হাইকোর্ট ছাড়ছেন। তাই এবার থেকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন সিনিয়র মোস্ট বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul)।
কলকাতা হাইকোর্টের ৩৩তম প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সম্প্রতি অবসর নেন। এরপর নিয়ম অনুযায়ী, হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি হিসেবে বিচারপতি সৌমেন সেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তথা মাস্টার অফ রস্টারের দায়িত্ব পান।
কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করে। সেই প্রক্রিয়া সম্পন্ন হতেই তিনি কলকাতা হাইকোর্ট ছাড়ছেন। আর সেই কারণেই সিনিয়র মোস্ট বিচারপতি সুজয় পালকে এবার এই গুরুদায়িত্ব নিতে হচ্ছে।
আইনজীবী মহলের মতে, সাধারণত কোনো হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরের আগেই সুপ্রিম কোর্ট তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করে দেয়, যাতে আইন মন্ত্রকের সিলমোহর পেতে সুবিধা হয়।
কিন্তু কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এখনও স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপাতত ভারপ্রাপ্ত (Acting) প্রধান বিচারপতিই কলকাতা হাইকোর্টের দায়িত্ব সামলাবেন। বিচারপতি সুজয় পাল এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়ে নজির গড়েছেন।